শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। এই ম্যাচেও জয় ছিনিয়ে নিয়ে হ্যাটট্রিক করতে চাইবে লাল-হলুদ বাহিনী। বুধবার যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে ইস্টবেঙ্গল নিজেদের অনুশীলন সারল। টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের প্রথম স্থানে রয়েছে।
ইস্টবেঙ্গলে চোট আঘাতের সমস্যা পিছু ছাড়ছে না। এদিনও সাইডলাইনে ছিলেন মিগুয়েল ফিগুয়েরা ও সউল ক্রেসপো। মিগুয়েল কেবল মাঠের সাইডলাইন জুড়ে দৌড়লেন, পুরোদমে অনুশীলন করলেন না সউলও। গত দুই ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন মিগুয়েল। মাঝমাঠের অন্যতম শক্তির চোটের সমস্যা হলে বেশ সমস্যায় পড়বেন অস্কার। মিগুয়েল ঘাড়ে ব্যাথা অনুভব করায় মঙ্গলবারও অনুশীলন করেননি। আপাতত পরীক্ষা করা হবে তার। সউলের এমআরআই রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। সেটা দেখেই তার চোটের গভীরতা সম্পর্কে জানা যাবে। অন্যদিকে ইস্টবেঙ্গলের নতুন ড্যানিশ ফরোয়ার্ড পুরোদমে অনুশীলন করছেন দলের সঙ্গে। তাকে বেশ ভালো ছন্দেই দেখা গেছে। চোট কাটিয়ে মহেশ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। জামশেদপুর ম্যাচে প্রথম একাদশে ফিরতে পারেন তিনি। সেক্ষেত্রে মিগুয়েল না থাকলে মাঝমাঠে মহেশ ও রশিদ খেলতে পারেন। দুই উইংয়ে বিপিন ও এডমুন্ড এবং সম্ভবত আক্রমণ ভাগে ইউসেফের সঙ্গে শুরু করতে পারেন অ্যান্টন সোবার্গ।

