ভোটের দিন ঘোষণার পরই বড় প্রশাসনিক রদবদল, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবকে সরাল নির্বাচন কমিশন

 

কলকাতা: বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরপরই রাজ্যের শীর্ষ প্রশাসনে বড়সড় পরিবর্তনের নির্দেশ দিল নির্বাচন কমিশন। ভোটের নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব—এই দুই গুরুত্বপূর্ণ পদে বদল আনা হয়েছে। কমিশনের নির্দেশে নন্দিনী চক্রবর্তীর পরিবর্তে রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নিচ্ছেন ১৯৯৩ ব্যাচের আইএএস অফিসার দুষ্মন্ত নারিয়ালা। অন্যদিকে স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে ১৯৯৭ ব্যাচের আইএএস অফিসার সঙ্ঘমিত্রা ঘোষকে। তিনি এতদিন হোম ও হিল অ্যাফেয়ার্স দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। জগদীশ প্রসাদ মিনা এই পদে ছিলেন এতদিন।

নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, সোমবার দুপুর তিনটার মধ্যেই নতুন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে দায়িত্ব গ্রহণ করতে হবে। একই সঙ্গে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, যাঁদের সরানো হয়েছে তাঁদের নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনও নির্বাচনী দায়িত্বে নিয়োগ করা যাবে না।

ভোট ঘোষণার ঠিক পরেই এই প্রশাসনিক রদবদলকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এর আগেই প্রশাসনিক স্তরে বেশ কিছু পরিবর্তনের জল্পনা শোনা যাচ্ছিল। বিশেষ করে আইএএস ও আইপিএস আধিকারিকদের মধ্যে আরও কিছু বদল হতে পারে বলেও প্রশাসনিক সূত্রে আলোচনা চলছিল।

এরই মধ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে রাজ্য সরকারের তরফেও পুলিশ প্রশাসনে একাধিক বদল করা হয়েছিল। দার্জিলিংয়ের জেলাশাসকের পদ থেকে মণীশ মিশ্রকে সরানো হয়। পরে তাঁকে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের বিশেষ সচিব করা হয়। অন্যদিকে শিলিগুড়ির পুলিশ কমিশনারের পদ থেকে সি সুধাকরকে সরিয়ে উত্তরবঙ্গ ইন্টেলিজেন্স শাখার আইজি পদে পাঠানো হয়েছে।

এছাড়াও কলকাতা পুলিশের ডিসি (সাউথ-ইস্ট) ভোলানাথ পাণ্ডেকে জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি করা হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন সূর্য প্রতাপ যাদব। পাশাপাশি একাধিক থানার আইসি-সহ মোট ২৭ জন পুলিশ অফিসারেরও বদলি হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদিও প্রশাসনের দাবি, এই বদলিগুলি রুটিন প্রক্রিয়ার অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − 1 =