পুরসভায় নিয়োগ-দুর্নীতি তদন্তে তিন প্রভাবশালী প্রার্থীকে ইডি-র সমন

কলকাতা : বিধানসভা ভোটের আগে পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের সক্রিয় হল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার এই মামলার তদন্তে রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু এবং রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। চলতি সপ্তাহেই তিন বার (শুক্রবার-সহ) তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারকে জমি দখলের মামলায় তলব করে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

ঘটনাচক্রে, তিন জনেই এ বার বিধানসভা ভোটে আবার তাঁদের পুরনো কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন। সুজিতবাবু বিধাননগরে, রথীনবাবু মধ্যমগ্রামে এবং দেবাশিসবাবু রাসবিহারীতে। ফলে তৃণমূলের তরফে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলা হয়েছে।

ইডি সূত্রের খবর, সুজিতবাবুকে সোমবার (৬ এপ্রিল) এবং রথীনবাবুকে বুধবার (৯ এপ্রিল) জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সের দফতরে ডেকে পাঠানো হয়েছে। সে দিন দুই প্রার্থীরই বিভিন্ন পূর্বঘোষিত রাজনৈতিক কর্মসূচি রয়েছে বলে তৃণমূল সূত্রের খবর।

শুক্রবার বেলা সাড়ে ১১টার আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান দেবাশিসকুমার। ছিলেন প্রায় পাঁচ ঘণ্টা। বেরিয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান। কোনও মন্তব্য করতে চাননি । কেবল বলেন, ‘‘যা বলার দল বলবে।’’

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবরে পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদ করে ইডি। সে সময় তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। ২০২৪ সালে জানুয়ারি এবং ২০২৫ সালের অক্টোবরে মন্ত্রী সুজিত ঘোষের দফতর এবং বাড়িতে হয় ইডি-অভিযান। তাঁর ঘনিষ্ঠ কয়েক জনের ঠিকানাতেও তল্লাশি চালিয়েছিল ইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =