■ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মীরজাফর’ বলে কটাক্ষ
কলকাতা : আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে বেহালা পশ্চিম কেন্দ্রে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় ও বিজেপির ডঃ ইন্দ্রনীল খাঁ-র হাই-ভোল্টেজ লড়াইয়ের মাঝেই নজর কাড়ছেন কংগ্রেস প্রার্থী শৈবাল রায়। তাঁর সমর্থনে এলাকায় জোরদার প্রচারে নামলেন পশ্চিমবঙ্গ প্রদেশ আইএনটিইউসির সিনিয়র সেক্রেটারি তথা সর্বভারতীয় যুব কংগ্রেসের কেন্দ্রীয় কো-অর্ডিনেটর গৌতম সাহা।
বেহালার বিভিন্ন এলাকায় শৈবাল রায়কে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি জনসংযোগ করেন গৌতম সাহা। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং কংগ্রেস প্রার্থীর পক্ষে সমর্থন চান। এলাকায় গৌতম সাহার সাংগঠনিক প্রভাব যথেষ্ট বলেই রাজনৈতিক মহলে পরিচিত। যদিও এ বার তাঁকে প্রার্থী করা হয়নি, তবুও দলীয় স্বার্থে ব্যক্তিগত অভিমান সরিয়ে সক্রিয়ভাবে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন তিনি। প্রচার চলাকালীন শাসকদলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান গৌতম সাহা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মীরজাফর’ বলে কটাক্ষ করে তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার মানুষের বিশ্বাসভঙ্গ করেছে। তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অন্যদিকে, নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শৈবাল রায়। তিনি জানিয়েছেন, নির্বাচিত হলে এলাকার সামগ্রিক উন্নয়নের পাশাপাশি বিদ্যাসাগর হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন তাঁর অন্যতম অগ্রাধিকার হবে। উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার আশ্বাসও দিয়েছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গৌতম সাহার সক্রিয় ভূমিকা এবং শৈবাল রায়ের পরিচ্ছন্ন ভাবমূর্তি বেহালা পশ্চিম কেন্দ্রে ভোটের সমীকরণে প্রভাব ফেলতে পারে। এখন দেখার, শেষ পর্যন্ত এই কেন্দ্রে ভোটারদের রায় কোন দিকে যায়।

