মুম্বই : বক্স অফিসে কার্যত সুনামি তুলেছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। রণবীর সিং অভিনীত এই গুপ্তচর-অ্যাকশন থ্রিলার মুক্তির মাত্র ৯ দিনের মধ্যেই বিশ্বজুড়ে ১১০০ কোটিরও বেশি ব্যবসা করে নতুন রেকর্ড গড়েছে।
ট্রেড রিপোর্ট অনুযায়ী, ছবিটি দ্বিতীয় শুক্রবারে ৪১.৫৫ কোটি টাকা আয় করেছে। ফলে শুধুমাত্র ভারতেই ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৭১৫.৭২ কোটি টাকা। প্রথম দিনেই ১০০ কোটির বেশি আয় করে ইতিহাস তৈরি করেছিল এই ছবি, যা বলিউডে নজিরবিহীন।
দেশীয় বক্স অফিসে ছবিটির দাপট অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই এটি ‘জওয়ান’-এর লাইফটাইম কালেকশনকেও ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে। ট্রেড বিশেষজ্ঞদের মতে, দ্বিতীয় সপ্তাহান্তেও ছবিটির আয় ৫০ কোটির উপরে থাকতে পারে।
আন্তর্জাতিক ক্ষেত্রেও ‘ধুরন্ধর ২’-এর সাফল্য চোখে পড়ার মতো। সর্বশেষ হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে ছবিটির মোট আয় ১,১২৮.৯৯ কোটি টাকা। উল্লেখযোগ্য বিষয়, উপকূলীয় দেশগুলোতে এখনও মুক্তি পায়নি এই ছবি| সেইসব দেশ ব্যতি রেখেই এই সাফল্য অর্জন করেছে সিনেমাটি।
আদিত্য ধর-এর পরিচালনায় নির্মিত এই ছবিতে রণবীর সিং ছাড়াও আর. মাধবন, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল ও রাকেশ বেদী-র মতো তারকারা অভিনয় করেছেন। অন্যদিকে, একই সময়ে মুক্তি পাওয়া ‘উস্তাদ ভগৎ সিং’ বক্স অফিসে খুব একটা সাফল্য পায়নি। পবন কল্যাণ অভিনীত এই ছবিটি ৯ দিনে ভারতে মাত্র ৬৭.৯৭ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে। সব মিলিয়ে ‘ধুরন্ধর ২’-এর বিপুল সাফল্যের সামনে অন্য ছবিগুলি কার্যত ম্লান হয়ে পড়েছে বলেই মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

