নয়াদিল্লি : তামিলনাড়ু থেকে ৬ সন্দেহভাজনকে গ্রেফতার করে বড়সড় সাফল্য পেল দিল্লি পুলিশ। এই ৬ সন্দেহভাজন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও বাংলাদেশি সন্ত্রাসী সংগঠনগুলির সহায়তায় বড়সড় সন্ত্রাসী ষড়যন্ত্রের পরিকল্পনা করছিল। দিল্লি পুলিশ রবিবার সকালে জানিয়েছে, তামিলনাড়ু থেকে এই ৬ সন্দেহভাজনকে দিল্লিতে নিয়ে আসা হচ্ছে। ধৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছে। তাদের কাছ থেকে কয়েক ডজন মোবাইল ফোন এবং সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
দিল্লি পুলিশ আরও জানিয়েছে, তামিলনাড়ু থেকে ধৃত ৬ সন্দেহভাজন হল – মিজানুর রহমান, মোহাম্মদ শাবাত, উমর, মোহাম্মদ লিটন, মোহাম্মদ শহীদ এবং মোহাম্মদ উজ্জ্বল।
তারা পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী সংগঠনের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট পোস্ট করছিল। উথুকুলি থেকে দু’জন, পাল্লাদম থেকে তিনজন এবং তিরুমুরুগানপুন্ডি এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা ভুয়ো আধার কার্ড ব্যবহার করে নিজেদের পরিচয় গোপন করে পোশাক শিল্পে কাজ করছিল। অভিযানের সময় আটটি মোবাইল ফোন এবং ১৬টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। সকল অভিযুক্তকে ট্রেনে করে দিল্লি আনা হচ্ছে; তদন্ত চলছে।
সন্ত্রাসীদের সহায়তা করার জন্য এই অভিযুক্তরা বেশ কয়েকটি শহরে রেকি করেছিল। দিল্লিতে “মুক্ত কাশ্মীর”-এর পোস্টার লাগানো হয়েছিল। দিল্লি পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তামিলনাড়ু ছাড়াও পশ্চিমবঙ্গ থেকেও দু’জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। সবমিলিয়ে মোট ধৃতের সংখ্যা ৮।

