কালীঘাটে পুজো দিয়ে বিজেপি মহিলা মোর্চার সম্মেলনে যোগ দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা

কলকাতা : রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় স্তরের নেতাদের আনাগোনা ক্রমাগত বাড়ছে। এই আবহে রবিবার সকালে কলকাতার ঐতিহ্যবাহী কালীঘাট মন্দিরে পুজো দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।

এদিন ভোরেই কালীঘাট মন্দিরে পৌঁছান রেখা গুপ্তা। হালকা গোলাপি রঙের শাড়ি এবং গেরুয়া রঙের উত্তরীয় পরিহিত অবস্থায় কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তিনি মন্দিরে প্রবেশ করেন এবং মা কালীর দর্শন ও বিধি মেনে পুজো সম্পন্ন করেন। ভোটের মুখে তাঁর এই কালীঘাট সফর রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই আলোচনার জন্ম দিয়েছে। তাঁর এই সফর কী নিছকই ধর্মীয় বিশ্বাস থেকে, নাকি এর পিছনে কোনও রাজনৈতিক বার্তা রয়েছে— সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে স্মিত হেসে কোনো রাজনৈতিক মন্তব্য করা থেকে বিরত থাকেন তিনি।

বিজেপি সূত্রের খবর, রবিবার দুপুরে কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপি মহিলা মোর্চা আয়োজিত একটি মহিলা সম্মেলনেও যোগ দেন রেখা গুপ্তা। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জাতীয় নেতৃত্বের এই ঘনঘন বাংলা সফর কোনও সাধারণ ঘটনা নয়। এটি নেহাতই সৌজন্যমূলক সাক্ষাৎ নাকি কোনও বৃহত্তর নির্বাচনী কৌশলের অংশ, তার উত্তর দেবে ভবিষ্যৎ সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + twelve =