শশীর বাড়িতে হামলায় ‘ক্ষুব্ধ’ কমিশন, পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব

কলকাতা : গিরিশ পার্কে মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক পারদ চড়েছে। তাঁর বাড়িতে বিজেপি নেতাদের ইট নিয়ে হামলা, ভাঙচুর হয়। আক্রান্ত হয়েছেন একাধিক পুলিশকর্মীও। ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ নির্বাচন কমিশন। ঘটনায় কলকাতা পুলিশ কমিশনারের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করল কমিশন।

শুধু তাই নয়, কেন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হল না তা নিয়েও বিস্তারিত ব্যাখ্যা কমিশনের কাছে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। ভোটের আগে শহরের আইনশৃঙ্খলা রক্ষায় ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা আছে। এরপরেও কেন তা ব্যবহার করা হল না তা নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন।

শনিবার দুপুরে ব্রিগেডে মোদীর সভায় যোগ দিতে বিভিন্ন জেলা থেকে বাসে বিজেপি কর্মীরা কলকাতায় এসেছিলেন। গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা ‘বয়কট বিজেপি’ ব্যানার ছিড়ে ফেলেন বিজেপি কর্মীরা। তা থেকেই ঘটনার সূত্রপাত।

মন্ত্রীর অভিযোগ, ”বহিরাগতদের নিয়ে ব্রিগেডে সভা করছে বিজেপি। আর এই বহিরাগতরাই বাস থেকে নেমে আমার বাড়ির সামনে প্ল্যাকার্ড ছিড়ে পালিয়ে গিয়েছে। রাস্তার উপর আমার বাড়ির ঢোকার মুখে ওরা ভাঙচুর করেছে। ইট ছুড়েছে, আমার বাড়ির জানলার কাঁচ ভেঙে গিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =