মঙ্গলবার রাজ্যের একাধিক আদালতে বোমা হামলার হুমকি

কলকাতা : কলকাতার নগর দায়রা আদালতে বোমাতঙ্ক। একটি হুমকি মেল থেকে আতঙ্ক ছড়ায় মঙ্গলবার সকালে। ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল। বোমার খোঁজে তল্লাশি চলে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে পাঠানো ওই হুমকি ইমেলে দাবি করা হয়, নগর দায়রা আদালতে বোমা রাখা হয়েছে। এরপরই দ্রুত গোটা আদালত চত্বর খালি করে দেওয়া হয়। বোমা নিষ্ক্রিয়কারী দল তল্লাশি চালায়। পাশাপাশি, স্নিফার ডগও আনা হয়। যদিও এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

এ দিনই আরেকটি আদালতে হুমকি আসে বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে বলে। হুমকি দিয়ে ইমেল করা হয় মুর্শিদাবাদের জেলা বিচারককে। আর সেই খবর পেয়ে মঙ্গলবার দুপুরে পুলিশ এসে তল্লাশি শুরু করে বহরমপুর জেলা আদালত চত্বরে। মুর্শিদাবাদ জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বাক্কার সিদ্দিকী বলেন, আমরা জানতে পেরেছি কেউ বা কারা জেলা আদালত বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে জেলা বিচারককে ইমেল পাঠিয়েছে।

আমাদের ধারণা, বিচারকেরা এসআইআর প্রক্রিয়ার মধ্যে যুক্ত হয়েছেন। তাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে। এতে আতঙ্কিত আইনজীবীরাও। কে বা কারা এ রকম হুমকি দিয়েছে, তা নিশ্চয়ই পুলিশ খতিয়ে দেখছে। এছাড়াও, আসানসোল জেলা আদালত, দুর্গাপুর মহকুমা আদালতেও বোমা রাখার হুমকি দেওয়া হয় বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =