দক্ষিণ ২৪ পরগনা : ভোটের আগেই রহস্যজনক মৃত্যু এক বিজেপি কর্মীর। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের ২১৬ নম্বর বুথের মেনা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম কিশোর মাঝি। মেনা এলাকারই বাসিন্দা। সক্রিয় বিজেপি কর্মী ছিল সে।
এই রহস্যমৃত্যুর ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই তিন জনকে আটক করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আটক হওয়া তিন জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনাকে ঘিরে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, এটি খুনের ঘটনা, এর নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে।
নিহত বিজেপি কর্মীর নাম কিশোর মাঝি (৩৭)। সে ২১৬ নম্বর বুথের সহ-সভাপতি ছিল। অভিযোগ, সোমবার রাতে ফোন করে ডেকে নিয়ে গলা কেটে খুন করা হয় তাকে। বিজেপির অভিযোগ, এই ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে।
যদিও তৃণমূলের পাল্টা দাবি, এটি রাজনৈতিক নয়, ব্যক্তিগত সম্পর্কজনিত বিরোধের জেরে খুন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় নিহতের স্ত্রী ও এক প্রতিবেশী যুবক-সহ ৩ জনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা রয়েছে।

