সুযোগ নষ্টের খেসারত, অধিক আত্মবিশ্বাসে সন্তোষ থেকে বিদায় বাংলার

সন্তোষে হতাশ করল বাংলা দল। গতবারের চ্যাম্পিয়ন তকমা ধরে রাখতে ব্যর্থ সঞ্জয় সেনের বাংলা। কোয়ার্টার ফাইনালে শেষ হল অভিযান। সার্ভিসেসের কাছে টাইব্রেকারে ৩-২ গোলে হেরে সন্তোষ ট্রফি থেকে বিদায় নিল বঙ্গ ব্রিগেড। অসংখ্য সুযোগ নষ্ট, হতশ্রী ফুটবল, টাইব্রেকারেও গোল মিসের খেসারত দিতে হল বাংলাকে। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র, অতিরিক্ত সময়েও গোল করে উঠতে পারেনি দুই দল।
টাইব্রেকারে বদলি গোলকিপার গৌরব শ জোড়া সেভ করে খানিক আশা জাগিয়েছিলেন। গোটা ম্যাচ জুড়ে বাংলার ডিফেন্স লাইন বাঁচিয়ে দিলেও গোলের সুযোগ কাজে না লাগাতে পারার জন্য ভুগতে হল দলকে। সার্ভিসেস অসামান্য ফুটবল খেলে বাজিমাত করে। শুরু থেকেই বাংলার ফুটবলারদের উপর চাপ সৃষ্টি করছিল সার্ভিসেস। ১৯ মিনিটে বাঁদিক থেকে আক্রমণে উঠেও সুযোগ হারায় বাংলা। প্রথমার্ধের একেবারে শেষ দিকে বাংলার জালে বল জড়িয়ে দেয় তারা। কিন্তু অফসাইডের জন্য তা বাতিল হয়। প্রথমার্ধ শেষ দিকে চোট পান বাংলার উইঙ্গার আকাশ হেমরাম। দ্বিতীয়ার্ধে আকাশকে বসিয়ে বিজয় মুর্মুকে নামান কোচ সঞ্জয় সেন। তাতেও বিশেষ কিছু বদল ঘটেনি খেলায়। আক্রমণ ভাগের নেতৃত্বে থাকা রবি হাঁসদা ও সুময় সোম বারবার হতাশ করছিল। দ্বিতীয়ার্ধের একেবারে সুবর্ণ সুযোগ নষ্ট করেন সায়ন বন্দ্যোপাধ্যায়। অতিরিক্ত সময়েও সার্ভিসেস আক্রমণ চালিয়ে ব্যস্ত রাখে বাংলার ডিফেন্ডারদের। ১০০ মিনিটে গোললাইন সেভ করেন চাকু। টাইব্রেকারে একের পর এক গোল মিস, সার্ভিসেস ৩-২ গোলে জিতে সন্তোষের সেমিফাইনালে পৌঁছল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − three =