বিশ্ব স্বাস্থ্য দিবসে হাওড়া স্টেশনে সচেতনতার বার্তা, পূর্ব রেল ও এনসিসি-র উদ্যোগে বিশেষ কর্মসূচি

ব্যস্ততম রেলস্টেশনে অন্যরকম আয়োজন

হাওড়া : বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হাওড়া স্টেশনের বড় ঘড়ির নীচে আয়োজিত হল এক বিশেষ স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি। পূর্ব রেলের হাওড়া ডিভিশন এবং সুরেন্দ্রনাথ কলেজের এনসিসি সাব ইউনিট (বেঙ্গল ব্যাটালিয়ন ২)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানো। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্বাস্থ্য সচেতনতা ভিত্তিক একটি নাটক, যা পরিবেশন করেন এনসিসি-র ছাত্রছাত্রীরা।

পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপস্থিত আধিকারিকরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপ কমান্ডার কলকাতা যোগেশ কুলকার্নী, বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী তথা মিস ইউনিভার্স ইন্ডিয়া উষশ্রী সেনগুপ্ত, মিস ইন্ডিয়া ২০২১ মধুমিতা গুপ্তা, বেঙ্গল ব্যাটালিয়ন ২-এর কমান্ডিং অফিসার কর্নেল অভিজিৎ দাস, পূর্ব রেলের হাওড়া ডিভিশনের এডিআরএম উদয় কুমার কেশরী এবং এনসিসি অফিসার লেফটেন্যান্ট ডিআর বিভা সমাদ্দার।

ব্যস্ততম রেলস্টেশনে এমন সচেতনতা কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত যাত্রী ও সাধারণ মানুষ। আয়োজকদের মতে, জনবহুল এলাকায় এই ধরনের উদ্যোগ মানুষের স্বাস্থ্য সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =