কলকাতা : কলকাতার গোলপার্ক এলাকায় সাম্প্রতিক হিংসার ঘটনাকে কেন্দ্র করে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা অমিত মালব্য। মঙ্গলবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ হ্যান্ডেলে একটি পোস্টে তিনি অভিযোগ করেন, তৃণমূলের একটি তথাকথিত ‘পিকনিক’ শেষ পর্যন্ত ভয়াবহ তাণ্ডবের রূপ নেয়। তাঁর দাবি, কুখ্যাত তৃণমূল দুষ্কৃতী সোনা পাপ্পু এবং তার সঙ্গীরাই গোলপার্কের কাছে পঞ্চাননতলা বস্তি এলাকায় হামলা চালিয়েছে।
অমিত মালব্যর অভিযোগ অনুযায়ী, এই হামলার সময় দেদার ইটবৃষ্টির পাশাপাশি দেশি বোমা ছোড়া হয় এবং গুলিও চলে। বোমার আঘাতে অন্তত দুই নিরীহ নাগরিক আহত হয়েছেন। এই পুরো ঘটনাটিকে একটি ‘পরিকল্পিত হিংসা’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন যে, এই ঘটনা রাজ্যের আইন-শৃঙ্খলার কঙ্কালসার চেহারাটা আবারও সামনে নিয়ে এল।
নিজের পোস্টে মালব্য আরও উল্লেখ করেন যে, এখন বাংলার সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা তৃণমূল আশ্রিত পুলিশের কাছে সরাসরি জবাব চাইছেন। তাঁর প্রশ্ন— এত বিপুল পরিমাণ বোমা ওই এলাকায় পৌঁছল কী করে এবং পুলিশ কেন সময়মতো পদক্ষেপ করার সাহস দেখাল না?
দক্ষিণ কলকাতার শান্ত এবং অভিজাত বলে পরিচিত গোলপার্ক এলাকা যেভাবে গ্যাংস্টারদের লড়াই আর বোমা বিস্ফোরণের সাক্ষী হল, তাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর দাবি, রাজনৈতিক মদতপুষ্ট অসামাজিক শক্তিরা এখন সাধারণ মানুষের থাকার জায়গাও কবজা করে ফেলছে। পোস্টের শেষে তিনি লেখেন যে, বাংলার মানুষ নিরাপত্তা ও দায়বদ্ধতা চায় এবং এখন তাঁরা পরিবর্তনের দাবিতে সরব হতে শুরু করেছেন।

