বছর পেরিয়ে যুবভারতীতে ফের নায়ক দিমিত্রি 

সোমবারের যুবভারতীতে আইএসএলে মোহনবাগান বনাম চেন্নাইয়ান এফসির ম্যাচ এতটা একপেশে হবে কেউ আশা করেনি। কেরালা ব্লাস্টার্সকে ২-০ গোলে হারিয়ে আইএসএলের শুরুটা ভালোই করেছিল সবুজ-মেরুন ব্রিগেড। তবে শক্তিশালী রক্ষণভাগ থাকা প্রীতম কোটালদের চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে এত সহজ জয় পেয়ে বাগান কোচ লোবেরা নিশ্চিন্ত থাকতে পারবেন। ক্লিফোর্ড মিরান্ডার দলকে ২-০ গোলে হারাল মোহনবাগান। বাগানের দুই অজি তারকা জেমি ম্যাকলারেন ও দিমিত্রি পেত্রাতোস গোল করেছেন। এক বছর পর যুবভারতীতে আবারও নায়ক বাগান জনতার নয়নের মণি দিমি।
গত বছর আজকের দিনেই এই যুবভারতীতে দিমির গোলে ওড়িশা এফসিকে হারিয়ে লিগ শিল্ড জিতেছিল মোহনবাগান। তারপর কেটে গিয়েছে অনেকগুলি দিন। বাগানের প্রাক্তন কোচ জোসে মোলিনার নেতৃত্বে প্রথম একাদশে সুযোগ পেতেন না দিমি। খারাপ ফর্ম সঙ্গী ছিল বাগান তারকার। তবে এক বছর পর গোল করে আবারও নায়ক দিমিত্রি। গোটা ম্যাচ জুড়ে চেন্নাইয়েন এফসি একেবারেই দাগ কাটতে পারেনি। রবসন-দিমি-ম্যাকলারেনকে আটকাতেই হিমশিম খাচ্ছিল গোটা দল। প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে গোল পেল মোহনবাগান। কিছুক্ষণ আগেই চেন্নাইয়ান গোলকিপার নওয়াজ চোট পেয়ে বেরিয়ে যান। পরিবর্ত হিসেবে মাঠে নামেন সামিক। দুর্দান্ত থ্রু-বল পেয়ে ম্যাকলারেন জালে জড়িয়ে দেন। ৬৫ মিনিটে গত ওড়িশা ম্যাচের স্মৃতি ফিরিয়ে গোল করলেন দিমিত্রি। বাঁ দিক থেকে বক্সের ভেতরে শুভাশিষ একটি দুর্দান্ত ক্রস দেন দিমির উদ্দেশ্যে। দূরের পোস্টে থাকা দিমি দ্রুত শট নিয়ে গোল করেন। এরপরও অসংখ্য সুযোগ পেয়েছে মোহনবাগান। তবে গোলসংখ্যা আর বাড়েনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + thirteen =