■ স্বল্পদৈর্ঘ্যের ১২ ছবি ও এক মিউজিক ভিডিও নিয়ে ব্যতিক্রমী আয়োজন
কলকাতা : স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের স্বপ্ন এবার যেন আরও একধাপ এগোল। কলকাতায় সফলভাবে সম্পন্ন হল ‘শর্টসফ্লিক্স-স্ক্রিন অ্যান্ড স্পিক’—এক অভিনব উদ্যোগ, যা ছোট ছবিকে এনে দিল বড় পরিসর।
শর্টসফ্লিক্স এন্টারটেনমেন্টের আয়োজনে এবং ইন্টারন্যাশনাল কলকাতা শর্টস ফিল্ম ফেস্টিভ্যালের সহযোগিতায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে এক ছাদের নিচে প্রদর্শিত হয় ১২টি স্বল্পদৈর্ঘ্যের ছবি এবং একটি মিউজিক ভিডিও। নতুন ও অভিজ্ঞ—দুই প্রজন্মের শিল্পী, নির্মাতা ও কারিগরি কর্মীদের মিলনমেলায় পরিণত হয় এই মঞ্চ। তবে এই আয়োজন শুধুমাত্র প্রদর্শনীতে সীমাবদ্ধ থাকেনি। প্রতিটি ছবির পরেই নির্মাতারা নিজেদের কাজের অন্তরালের গল্প, নির্মাণ প্রক্রিয়ার অভিজ্ঞতা এবং ভাবনার উৎস তুলে ধরেন দর্শকদের সামনে।
ফলে তৈরি হয় এক অন্যরকম সংলাপ—যেখানে পর্দার গল্প মিশে যায় বাস্তব অভিজ্ঞতার সঙ্গে। আয়োজক সৌরভ চক্রবর্তীর কথায়, এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল নির্মাতা ও দর্শকের মধ্যে সরাসরি যোগাযোগ গড়ে তোলা, যাতে চলচ্চিত্র হয়ে ওঠে আরও জীবন্ত ও অন্তর্মুখী অভিজ্ঞতা।
প্রদর্শিত ছবিগুলির মধ্যে ছিল ‘ক্যামেরার স্মৃতি’, ‘সাহারা’, ‘ছায়াপথ’, ‘ভালো আছি’, ‘কারুবাসনা’, ‘আয়েশা’, ‘বিনিময়’, ‘শুধু মনে রেখো’, ‘একটাই জীবন’, ‘ইতি – দ্য বিগিনিং’, ‘আজলি কাজলি’ এবং মিউজিক ভিডিও ‘দুগ্গি পূজার হওয়া’। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ‘ছবির অন্তরালে’ শীর্ষক একটি একান্ত সাক্ষাৎকার পর্ব, যেখানে নির্মাতাদের সৃষ্টির অন্তর্লোক উঠে আসে দর্শকদের সামনে। সব মিলিয়ে, ছোট ছবির জগতে নতুন সম্ভাবনার দরজা খুলে দিল এই উদ্যোগ।

