নয়াদিল্লি : লোকসভার আসন পুনর্বিন্যাস নিয়ে কেন্দ্রের প্রস্তাবিত বিলের বিরোধিতায় সরব হল ইন্ডিয়া জোট। এই বিল গণতন্ত্রের পক্ষে বড় বিপদ বলে দাবি করেছেন বিরোধী নেতারা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের অভিযোগ, লোকসভার আসনসংখ্যা বাড়িয়ে দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। তাঁর আরও দাবি, প্রস্তাবিত বিলে তফসিলি জাতি ও তফসিলি উপজাতির স্বার্থের যথাযথ সুরক্ষার ব্যবস্থা নেই।
সংসদের বিশেষ অধিবেশনের আগে শনিবার খাড়গের বাসভবনে ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের ইটি মহম্মদ বশির, রাষ্ট্রীয় জনতা দলের মনোজ ঝা এবং সমাজবাদী পার্টির রামজীলাল সুমন-সহ একাধিক নেতা। তবে ডিএমকে ও এনসিপি (এসসিপি)-র কোনও প্রতিনিধি বৈঠকে যোগ দেননি। আসন পুনর্বিন্যাসের প্রস্তাব নিয়ে শনিবার বিকেল পাঁচটায় সাংবাদিক বৈঠক করার কথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর।
বৈঠক শেষে খাড়গে বলেন, মোদী সরকারের প্রস্তাবিত সংবিধান সংশোধনী বিল গণতন্ত্রের পক্ষে গুরুতর বিপদ—এই বিষয়ে জোটের নেতারা একমত হয়েছেন। তাঁর বক্তব্য, নির্বাচনের আগে বিজেপি ‘চারশো পার’ আসনের স্লোগান দিয়েছিল, কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি। এবার লোকসভার আসনসংখ্যা ৮৫০ পর্যন্ত বাড়ানোর কথা বলা হচ্ছে। খাড়গের অভিযোগ, এই পরিকল্পনার মাধ্যমে সরকার ক্ষমতা নিজেদের হাতে ধরে রাখতে চাইছে।
প্রস্তাবিত বিলে তফসিলি জাতি ও তফসিলি উপজাতির প্রতিনিধিত্বের বিষয়টি উপেক্ষা করা হয়েছে বলেও অভিযোগ করেন কংগ্রেস সভাপতি। তিনি বলেন, সংবিধানের ৩৩০ নম্বর অনুচ্ছেদে লোকসভায় এই দুই শ্রেণির জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। জনসংখ্যার ভিত্তিতে তাঁদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যাও বাড়ানো উচিত। কিন্তু প্রস্তাবিত বিলে সে বিষয়ে কোনও ব্যবস্থা রাখা হয়নি।
২০২৬ সালের জনগণনার তথ্য কীভাবে আসন পুনর্বিন্যাসের কাজে ব্যবহার করা হবে, তা নিয়েও বিলে স্পষ্ট করে কিছু বলা হয়নি বলে দাবি করেন খাড়গে। তাঁর বক্তব্য, সর্বশেষ জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হলে জনসংখ্যার অনুপাতে তফসিলি জাতি ও উপজাতির প্রতিনিধিত্ব বাড়তে পারে। কিন্তু এই দুই শ্রেণিকে যথাযথ প্রতিনিধিত্ব দেওয়ার বদলে সরকার নিজের রাজনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে বলে অভিযোগ তাঁর।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন খাড়গে। তাঁর অভিযোগ, কোটি কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সেই নির্বাচন কমিশনের হাতেই এবার আসন পুনর্বিন্যাসের দায়িত্ব দেওয়া হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সমালোচনা করে খাড়গে বলেন, তিনি নিজেই যখন নানা প্রশ্নের মুখে, তখন তাঁর নেতৃত্বে আসন পুনর্বিন্যাসের প্রক্রিয়া কতটা বিশ্বাসযোগ্য হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

