পিকনিকে গিয়ে নৌকাবিহারে মর্মান্তিক পরিণতি, পতিরামে পুকুরে ডুবে মৃত্যু দুই যুবকের

বালুরঘাট (দক্ষিণ দিনাজপুর) : পিকনিকে গিয়ে পুকুরের ধারে বনভোজন সেরে ছোট ডিঙি নৌকায় চেপে জলবিহার করতে গিয়ে নৌকা উল্টে মৃত্যু হলো দুই যুবকের। মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার উত্তর খাঁপুরের পূর্বপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। বুধবার সকালে পুকুর থেকে নিখোঁজ দুই যুবকের দেহ উদ্ধার করা হয়। মৃতদের নাম মৃগাঙ্ক ঘোষ (২৯) এবং পৃথ্বীশ সাহা (২৯)। দু’জনেরই বাড়ি জেলার গঙ্গারামপুর এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ছয় যুবক উত্তর খাঁপুরের পূর্বপাড়ার একটি বড় পুকুরের পাড়ে পিকনিক করতে গিয়েছিলেন। খাওয়াদাওয়ার পর রাতে তাঁরা পুকুরের ধারে বাঁধা থাকা একটি ছোট ডিঙি নৌকায় ওঠেন। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, ওই যুবকরা প্রত্যেকেই মদ্যপ ও নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। এমনকি নৌকার ভেতরেও তাঁরা মদ্যপান করছিলেন বলে দাবি এলাকাবাসীর। অত্যন্ত ছোট ওই ডিঙি নৌকাটিতে ছয় জনের ভার বহন করার মতো ক্ষমতা ছিল না। পুকুরের মাঝখানে যাওয়ার পর কোনোভাবে ভারসাম্য হারিয়ে নৌকাটি উল্টে যায় এবং ছয় জনই জলে পড়ে যান।

মাঝরাতে পুকুরের দিক থেকে ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা মানসী রায় জানান, প্রথমে তাঁরা ভেবেছিলেন কেউ হয়তো মাছ ধরছেন, কিন্তু পরে আর্তনাদ শুনে ছুটে গিয়ে দেখেন কয়েকজন জলে ডুবে যাচ্ছেন। গ্রামবাসীদের তৎপরতায় চার যুবক কোনোক্রমে বাঁশ ধরে এবং স্থানীয়দের সাহায্যে প্রাণে বেঁচে যান। তবে রাতের অন্ধকারে তলিয়ে যান মৃগাঙ্ক ও পৃথ্বীশ।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পতিরাম থানার পুলিশ। রাতভর তল্লাশি চালিয়েও দু’জনের খোঁজ মেলেনি। অবশেষে বুধবার সকালে গ্রামবাসী ও পুলিশ প্রশাসনের যৌথ প্রচেষ্টায় পুকুর থেকে ওই দুই যুবকের নিথর দেহ উদ্ধার করা হয়। পুলিশ দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। অন্যদিকে, জীবিত উদ্ধার হওয়া বাকি চার যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পতিরাম থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *