সবচেয়ে প্রাচীন জ্যোতির্লিঙ্গম সোমনাথ

অসীম সুর চৌধুরী

পরিকল্পনাটা আগেই ছিল কিন্তু সুযোগ হচ্ছিল না। সেটাই এসে গেল মার্চ মাসের গোড়ায়। তখন ছেলে গুজরাটের বরোদায় কর্মরত ছিল। তার কাছ থেকে ডাক আসায় ঠিক হল ‘রথ দেখা আর কলা বেচা’ দুইই হবে। বরোদাতে ছেলের কাছে কিছুদিন থাকা হবে আবার গুজরাট দর্শনও হবে। নির্দিষ্ট দিনে রওনা দিলাম, সঙ্গে স্ত্রী বনশ্রী। হাওড়া থেকে আমেদাবাদ যাওয়ার দৈনিক ট্রেন ‘হাওড়া আমেদাবাদ এক্সপ্রেস’, যাতে সময় লাগে আটত্রিশ ঘন্টা। কিন্তু প্রতিদিন দু চার ঘন্টা লেট এই ট্রেনের নিত্যনৈমিত্তিক ব্যাপার। কবে যে এটা ঠিক সময় পৌঁছেছিল তা জানতে রেলের পুরানো নথিপত্র ঘাঁটতে হবে। আর একটা ব্যাপার খুব আশ্চর্যের, হাওড়া থেকে আমেদাবাদ এই ২০৮৭ কিমি গুরুত্বপূর্ন ট্রেন রাস্তায় না আছে কোন দূরন্ত না আছে শতাব্দী বা অন্যান্য প্রিমিয়াম ট্রেন।
সেদিন আমাদের ভাগ্য কিছুটা সুপ্রসন্ন ছিল। ট্রেন মাত্র দু ঘন্টা লেট ! প্লাটফর্ম থেকে বেরোলেই সারি সারি অটো। তব দরদাম না করলে পকেট থেকে বেশী বেড়িয়ে যাবে। আমি মোবাইল অ্যাপ এ বুক করলাম যা অনেকটাই কম। বরোদা স্টেশনের কাছে অনেক হোটেল রয়েছে। কিন্তু আমরা থাকবো একটু দূরে ‘আজোয়া রোডে’ এর কাছে এক হোটেলে, আমার ছেলের অফিস এর কাছে। এই বরোদা শহরে ও আশেপাশে অনেক দর্শনীয় স্থান রয়েছে। কিন্তু সেগুলো আমরা পরে দেখবো। আমাদের প্রথম গন্তব্য হবে “সোমনাথ” যেটা
আমরা আগামীকাল যাব।
পরদিন রাত ৮ টা ১৫ মিনিট নাগাদ বরোদা স্টেশন থেকে “সৌরাস্ট্র জনতা এক্সপ্রেসে” চড়ে বসলাম। ৫৩০ কিমি দুরের ভেরাভল স্টেশনে পৌঁছবে পরদিন সকাল ৭ টায়। কিন্তু বেশ কিছু আগেই স্টেশনে পৌঁছে গেল, তখনো ঠিক মতো আলো ফোটে নি।
ভেরাভল স্টেশন থেকে ৮ কিমি দূরে সোমনাথ মন্দির। একটা অটো নিয়ে চললাম হোটেলের উদ্দেশ্যে,। মন্দিরের কয়েক কিমির মধ্যে অনেক হোটেল আছে। কিন্তু সবচেয়ে ভিড় হয় শ্রী সোমনাথ ট্রাস্ট এর ধর্মশালায়। ভাড়া অনুসারে এদের কয়েক রকমের ধর্মশালা রয়েছে। কিন্তু শিবরাত্রিরের পরদিন হওয়ায় সব জায়গাতেই ঠাঁই নাই ঠাঁই নাই অবস্থা। আমাদের হোটেল অবশ্য আগে থেকেই বুক করা ছিল। হাঁটা পথে মন্দির আট – দশ মিনিট দূরে।
হোটেলে পৌঁছে তাড়াতাড়ি স্নান করে আমরা ছুটলাম মন্দির দর্শনে। প্রতিদিন হাজার হাজার মানুষ সোমনাথ দর্শন করতে আসেন। তার উপর, আমরা গিয়েছিলাম শিব রাত্রিরের পরদিন। মানুষে মানুষে ছয়লাপ। তা সত্বেও পুর ব্যাপারটা সুশৃংখল ভাবে পরিচালিত হছিল। এখানে কোন পাণ্ডার উৎপাত নেই। মোবাইল, ক্যামেরা, জুতো ইত্যাদি রাখার প্রচুর নিঃশুল্ক কাউন্টার রয়েছে। সেখানে ওই সব জমা করে লাইনে দাড়াতে হয়। তারপর সিক্যুরিটি চেকিং করিয়ে মন্দিরের দিকে এগোতে হবে।
ভগবান শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গমের সবচেয়ে প্রাচীন তীর্থ হচ্ছে এই সোমনাথ মন্দির। অত্যাধিক ভীড়ের কারনে কাউকেই সামনে দাঁড়াতে দেওয়া হয় না। দর্শন করেই বেড়িয়ে যেতে হয়। বাইরেই প্রাসাদের কাউন্টার রয়েছে। যার যে রকম সাধ্য সেই মতো কিনতে পারে। আমরাও কিছু প্রসাদ কিনে ফিরলাম। আবার সন্ধ্যা আরতির সময় আসবো। তারপর ‘লাইট ও সাউন্ড’ দেখবো বলে স্থির আছে।
দুপুরে খাওয়া দাওয়ার পর একটা অটো নিয়ে বেরলাম সাইট সিন দেখবো বলে। পাঁচ – ছয় কিমির মধ্যেই সমস্ত দর্শনীয় স্থান। এর মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য স্থানের নাম হল – ‘ভালকা তীর্থ’, যেখানে শ্রী কৃষ্ণ ব্যাধের দ্বারা তীরবিদ্ধ হয়েছিলেন। ‘ত্রিবেণী সঙ্গম’, যেখানে তিনটি নদী হিরন, কপিলা ও সরস্বতী মিলিত হয়েছে। ‘দেহস্বর্গ তীর্থ’, যেখানে শ্রী কৃষ্ণ দেহ ত্যাগ করেছিলেন। ‘বানগঙ্গা’, যেখানে সমুদ্র তীরের পাশে কাছাকাছি দুটো শিব লিঙ্গ রয়েছে যা জোয়ারের জলে ডুবে যায়। এছাড়া রয়েছে পঞ্চ পাণ্ডব গুহা, লক্ষী নারায়ন মন্দির, গীতা মন্দির, শ্রী রাম মন্দির, প্রভাস পাতান মিউজিয়াম, কামনাথ মহাদেব মন্দির, সূর্য মন্দির ইত্যাদি।
বিকেলের শেষ বেলায় আমাদের সোমনাথ মন্দিরের বাইরের গেটে নামিয়ে অটোওয়ালা চলে গেলো। আমরা এখন বাঁ দিকে সমুদ্র বীচের দিকে যাবো। এখানে প্রবেশ মুল্য জনপ্রতি ৫ টাকা। ঢুকতেই ১৬ ফুট উঁচু হনুমান মূর্তি। অনেকেই পাশে দাঁড়িয়ে ফটো তুলতে ব্যস্ত। সমুদ্রের তীরে প্রচুর লোকের সমাগম হয়েছে। কেউ উটের পিঠে চড়ছে তো কেউ জলে নেমে লাফালাফি করছে। কিছু অত্যুৎসাহি সমুদ্রের ভেতরে যাওয়ার চেষ্টা করতেই দূর থেকে পুলিশের বাঁশি সতর্ক করছে। সমুদ্রের তীর ও সোমনাথ মন্দির চত্বর প্রাচীরের মাঝ বরাবর একটা সুন্দর টাইলস বাঁধানো রাস্তা সোজা চলে গিয়েছে মন্দিরের পেছন পর্যন্ত। এই রাস্তার মাঝে মাঝে রয়েছে বসার জায়গা আর ঝকঝকে আলোর স্তম্ভ। সোমনাথ মন্দিরের খুব কাছের ছবি এখান থেকে তোলা যায়। অনেক মানুষ এখানে জড়ো হয়েছে সূর্যাস্ত দেখার আশায়। একটু পরেই সবাইকে মুগ্ধ করে লাল বল রুপী রবি আরব সাগরের নীল জলে ডুব মারল। অন্ধকার নেমে এল, আর মন্দিরের বাইরে নানা রঙের আলোর খেলা শুরু হল। লাল,নীল,হলুদ,সবুজ ইত্যাদি নানা রঙ ক্ষণে ক্ষণে মন্দিরের রুপ বদলে দিচ্ছে। সবাই তখন মুগ্ধ হয়ে এই রঙ দেখতে ব্যস্ত আর ঘন ঘন ঝলসে উঠছে
মোবাইল ও ক্যামেরা।
একটু পরেই সন্ধ্যা আরতি শুরু হবে। তাই আবার মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। ভেতরে ঢুকে ‘লাইট অ্যান্ড সাউন্ডের’ টিকিট টা আগে কেটে নিলাম। পরে শেষ হয়ে যেতে পারে। আরতি শেষ হওয়ার পর রাত ৮ টায় এটা শুরু হবে। আরতির লাইনেও প্রচুর ভীড়। মাত্র কয়েক সেকেন্ড দর্শন সবার জন্য বরাদ্দ। বেড়িয়েই চলে গেলাম ‘লাইট অ্যান্ড সাউন্ডের’ গ্যালারীর দিকে। পেছনে সমুদ্রের গা ঘেঁসে এটা বানানো হয়েছে। মন্দিরের একটা দিকে লেজার রাশ্মি ফেলে এই শো দেখানো হবে। দেখতে দেখতে গ্যালারী পুরো ভরে গেলো। শুরু হল শো। পুরানো থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সোমনাথ মন্দিরের সমস্ত ইতিহাস এখানে লেজার শো এর মাধ্যমে বর্ণনা করা হয়েছে।
পৌরাণিক কাহিনী অনুসারে, দক্ষ প্রজাপতির সাতাশ কন্যার সাথে চন্দ্র দেব এর বিবাহ হয়েছিল। কিন্তু শুধুমাত্র স্ত্রী রোহিণীর প্রতি চন্দ্রের বেশি আসক্তি থাকার কারনে দক্ষ অত্যন্ত কুপিত হন। তার উজ্জলতা বিবর্ণ হয়ে যায়। অভিশাপ থেকে মুক্ত হতে চন্দ্রদেব এই সাগর তীরে ভগবান শিবের কঠোর তপস্যা করতে থাকেন। শেষে সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে আশীর্বাদ করেন। চন্দ্র আবার তার উজ্জলতা ফিরে পায়। এরপর সেইখানে চন্দ্রদেব এক বিশাল শিব মন্দির নির্মাণ করেন যা সোনা দিয়ে তৈরি। চন্দ্রের আর এক নাম ‘সোম’, তাই এই জায়গা সোমনাথ তীর্থ বলে পরিচিত। পরে অনেকবার এই মন্দির এর পুনর নির্মাণ হয়।
বর্তমান যুগের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, খ্রিষ্ট জন্মের অনেক আগে থেকে এর উল্লেখ রয়েছে। ৬৪৯ সালে গুজরাটের বল্লভীর যাদব রাজারা একই স্থানে মন্দিরটি দ্বিতীয়বার র্নিমান করেন। কিন্তু ৭২৫ খ্রিষ্ঠাব্দে আরব শাসন কর্তা আল জুনায়েদ গুজরাট আক্রমন করে মন্দিরটি ধংস করে দেয়। গুজ্জর প্রতিহার রাজা দ্বিতীয় নাগভট্ট ৮১৫ সালে আবার নতুন করে লাল বেলেপাথর দিয়ে মন্দিরটি তৈরি করেন। ১০২৪ সালে গজনীর সুলতান মামুদ ভয়ঙ্করতম আক্রমন টা করেন। মন্দির লুণ্ঠন এর পাশাপাশি জ্যোতির্লিঙ্গটি ধ্বংস করে দেন তিনি। পঞ্চাশ হাজার নিরীহ লোককে হত্যা করা হয়। তবে ১০২৬ থেকে ১০৪২ সালের মধ্যে
আবার গুজ্জর ও সোলাঙ্কি রাজারা মিলে মন্দিরের নির্মাণ করান। ১২৯৬ সালে সুলতান আলাউদ্দিন খিলজি বিরাট সৈন্য বাহিনী পাঠিয়ে মন্দির ধংস করার পাশাপাশি প্রচুর লোককে নিহত করেন এবং ক্রীতদাস বানান। ১৩০৮ সালে রাজা মহীপাল পুনরায় মন্দির নির্মাণ করেন। তবে এখানেই শেষ নয়। এরপর অনেকবার বিদেশী ও বহিরাগতরা সোমনাথে আক্রমন করেছে কিন্তু সঙ্গে সঙ্গে পুনর্নিমানও হয়েছে। শেষবার এটা ধ্বংস করেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব ১৭০১ সালে। তবে সেইসময়ে অনেক রাজা রানীদের প্রচেষ্টায় ১৭৮৩ সালে মন্দিরের পুনর্প্রতিষ্ঠা হয়। স্বাধীনতার পর ১৯৪৭ সালের ১২ ই নভেম্বর তৎকালীন উপপ্রধান মন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল আবার নতুন ভাবে সোমনাথ মন্দিরের পুনর্নির্মান এর আদেশ দেন। আজ আমরা সেই রুপেই মন্দিরটি দেখছি।
বিগ বি অমিতাভ বচ্চনের গলায় ইতিহাসের বর্ননা এই শোয়ের আকর্ষন আরো বাড়িয়ে দিয়েছে। যারা সোমনাথ দর্শনে আসবেন তাদের অবশ্যই এ লাইট এ্যান্ড সাউন্ড শো টা দেখা উচিত। শো এর শেষে মন্দির থেকে বেরোতে বেরোতে রাত ন টা পেরিয়ে গেল। ডিনার করে হোটেলে চলে গেলাম। পরদিন আমাদের গন্তব্য ‘গির অরন্য’। তবে সে গল্প আরেকদিন।

যাওয়ার উপায় 

হাওড়া থেকে প্রতিদিন ছাড়ে ১২৮৩৪ আমেদাবাদ এক্সপ্রেস রাত ১১ টা ০৫ মিনিটে ।
আমেদাবাদ থেকে প্রতিদিন পাওয়া যায় ১৯২১৭ সৌরাষ্ট্র জনতা এক্সপ্রেস যেটা রাত ১০ টা ২০ তে ছেড়ে পরদিন সকাল ৭ টা ১০ মিনিটে ভেরাভল স্টেশনে পৌছায়। এছাড়া আরো কয়েকটা ট্রেন আছে । IRCTC এর ওয়েবসাইটে পওয়া যাবে। আমেদাবাদ থেকে প্রতিদিন অনেক বাস সোমনাথ যাচ্ছে।
কলকাতা বিমান বন্দর থেকে প্রতিদিন একাধিক প্লেন আমেদাবাদে যাচ্ছে।

থাকার জায়গা

সোমনাথ ট্রাস্ট পরিচালিত গেস্ট হাউস । ওয়েবসাইটের নাম
https://somnath.org/pilgrim-facilities,
এছাড়া আরো অনেক হোটেল ওয়েবসাইটে পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *