নকআউটের স্বপ্ন বাঁচাতে শেষ লড়াই, যুবভারতীতে আজ জিততেই হবে ইস্টবেঙ্গলকে

মহাদেশীয় মঞ্চে এখনও জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল। গ্রুপ পর্বের শেষ ঘরের ম্যাচে মঙ্গলবার জর্ডনের আল হুসেইন এসসির বিরুদ্ধে সেই খরা কাটানোর কঠিন চ্যালেঞ্জ লাল-হলুদের সামনে। নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে তিন পয়েন্ট তুলতেই হবে আন্তোনিয়ো লোপেজ হাবাসের দলকে। চার ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে গ্রুপ ডি-র চতুর্থ স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। ফলে আর পয়েন্ট নষ্ট করার জায়গা নেই।

আল হুসেইনের বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচে জয়ের খুব কাছে পৌঁছেও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছিল লাল-হলুদকে। সেপ্টেম্বরে জর্ডনে বিরতির সময় ২-০ গোলে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। দানি রামিরেজ এবং অনোয়ার আলির গোলে এগিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। ঘুরে দাঁড়িয়ে ২-২ গোলে ম্যাচ ড্র করে নেয় জর্ডনের ক্লাব। মঙ্গলবার ঘরের মাঠে সেই হিসাব মেটানোর সুযোগ রয়েছে হাবাসের সামনে।

কিন্তু সাম্প্রতিক ফলাফল খুব একটা স্বস্তি দিচ্ছে না ইস্টবেঙ্গলকে। ওমানে আল সিবের বিরুদ্ধে গোলশূন্য ড্র ছাড়া গ্রুপ পর্বে আর কোনও পয়েন্ট আসেনি। ঘরের মাঠে আল শার্তার কাছে ২-৩ গোলে হার এবং আল সিবের কাছে ০-২ গোলে পরাজয় পরিস্থিতি কঠিন করেছে।

অন্যদিকে, চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে আল হুসেইন। একটি জয়, দু’টি ড্র এবং একটি হার তাদের ঝুলিতে। শেষ ম্যাচে আল শার্তার কাছে ০-৩ গোলে হারলেও ইস্টবেঙ্গলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই জর্ডনের দলের। এই ম্যাচে হারলে তাদের নকআউটের রাস্তাও কঠিন হয়ে উঠবে।

ম্যাচের আগে হাবাস জানিয়েছেন, সাম্প্রতিক ব্যর্থতা ভুলে ফুটবলারদের মনোবল ধরে রাখাই তাঁর প্রধান লক্ষ্য। আকে আর্নড লোবাও দলের ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী। সমর্থকদের যুবভারতীতে উপস্থিত থাকার আবেদন জানিয়েছেন তিনি। লাল-হলুদের সামনে তাই শুধু তিন পয়েন্টের লড়াই নয়, মহাদেশীয় মঞ্চে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার পরীক্ষাও। ম্যাচটি সরাসরি দেখা যাবে ফ্যানকোডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *