অভিষেক-অভিমন্যু জুটিতে ঝাড়খণ্ডকে হারাল বাংলা

দিল্লি ক্যাপিটালসের দল থেকে বাদ পড়লেও দমে যাননি অভিষেক পোড়েল। বরং বাংলার হয়ে মাঠে নেমেই বুঝিয়ে দিলেন, নিজের দক্ষতা প্রমাণ করার জন্য তিনি কতটা তৈরি। ঝাড়খণ্ডের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করলেন অভিষেক। তাঁর সঙ্গে অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের দায়িত্বশীল ইনিংসে ভর করে সাত উইকেটে জয় তুলে নিল বাংলা। ঝাড়খণ্ডের দেওয়া ১৪৯ রানের লক্ষ্য ১৮.৪ ওভারেই পেরিয়ে যায় বাংলা।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৪৮ রান করে ঝাড়খণ্ড। দলের হয়ে সবচেয়ে বেশি রান করেন বিরাট সিং। ৩৭ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে, শিখর মোহন ২৬ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। উৎকর্ষ সিং করেন ২৩ রান। তবে বাংলার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় ঝাড়খণ্ড। মুকেশ কুমার, সায়ন ঘোষ এবং ঋষভ চৌধুরী দু’টি করে উইকেট তুলে নেন। চার ওভারে মাত্র ২৩ রান দিয়ে নজর কাড়েন সায়ন।
জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই করণ লালের উইকেট হারায় বাংলা। তবে এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। ক্রিজে জমে যান অভিষেক পোড়েল ও অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। দ্বিতীয় উইকেটে দু’জনের ৯২ রানের জুটি ঝাড়খণ্ডের ম্যাচে ফেরার সম্ভাবনা কার্যত শেষ করে দেয়। ৩৪ বলে ৪৯ রান করে আউট হন অভিষেক। তাঁর ইনিংসে ছিল চারটি চার ও দু’টি ছক্কা। অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া হলেও ম্যাচ জেতানোর ক্ষেত্রে তাঁর অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, অধিনায়কের দায়িত্ব যথাযথভাবে পালন করেন অভিমন্যু। ৪৮ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন তিনি। ছ’টি চার ও একটি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। শাকির হাবিব গান্ধী ১৪ এবং যশরাজ কেশওয়ানি অপরাজিত ১১ রান করে বাংলার জয় নিশ্চিত করেন।
এদিকে, একই দিনে অন্য ম্যাচে বিহারের কাছে দুই উইকেটে হেরে যায় দিল্লি। দিল্লির হয়ে যশ ধুল ৫৯ বলে অপরাজিত ১২৫ রান করেও দলকে জেতাতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *