“সামাবিয়াং থেকে ডুকা ভ্যালি উত্তরবঙ্গের অচেনা গলি”

– রিঙ্কু চট্টোপাধ্যায়

২রা এপ্রিল ২০২৬
সকাল সাতটা পঞ্চাশ

সামাবিয়ং এর আকাশে আজ ঝলমলে রোদ,আমাদের হোমস্টের নীচের টেরেস এ SAMABEONG লেখাটার ওপর রোদ পড়েছে, প্রকাশের দিয়ে যাওয়া দার্জিলিং চায়ে চুমুক দিয়ে লিখছি।

প্রায় সাতটা নাগাদ নীচে জল আনতে গিয়ে দেখি হেমন্ত ভাই বাড়ি থেকে চলে এসেছেন, টেরেস এর নীচে মজুদ কাঠের পরিমাণ দেখে নিচ্ছেন,গাছগুলোর পরিচর্যা করছেন।
সেলিম ভাই থাকেন দক্ষিণবঙ্গে অথচ কি অসীম বিশ্বস্ততায় স্থানীয় বাসিন্দা হেমন্ত রাই এই হোমস্টের যাবতীয় দায়িত্ব সামলে যথোচিত মর্যাদা দিয়ে অতিথি-আপ্যায়ন করে যাচ্ছেন!
আজকের খামখেয়ালি আকাশ আমাদের মেঘে ছাওয়া আর আলো ঝলমলে দুই রূপেরই আস্বাদ দিচ্ছে মন ভরে। বসন্তের এই রোদেলা দিন আমাদের আরও কি উপহার দেয় এখন তারই অপেক্ষায়।

সকাল দশটা নয়
সামাবিয়াং এর আকাশ যেন বলছে “যেতে নাহি দিব” সকালের রোদ উধাও হয়ে এখনই যেন অশ্রু ঝরাবে মেঘ,আমরা ছেড়ে যাচ্ছি সামাবিয়াং হোমস্টে,খুব মিস করব প্রকাশ ভাই এর
রান্না,হেমন্ত ভাই এর অসীম ধৈর্য নিয়ে বানানো চিকেন বারবিকিউ আর কাঠের আগুনের পাশে বসে গত সন্ধ্যার নির্ভেজাল আড্ডা। সেই চা বাগান,মন্দির পার হচ্ছি,এসে পড়লাম পাশাপাশি কয়েকটা ছোট ছোট দোকানঘর নিয়ে গড়ে ওঠা সামাবিয়াং মার্কেট এ। চপ্পল,ছাতা,গেঞ্জি,ঘর পরিস্কারের নানান সামগ্রী,মুদিখানা এইসবের দোকান। রাস্তার ধারে ধারে মন্দির,বৌদ্ধ পতাকা আর প্রায় প্রতিটি বাড়িতেই পাহারাদার একটি করে লোমশ পোষ্য।

কত যে রঙের কত ফুল,দেখতে দেখতে
নেওড়া ভ্যালি ফরেস্টের ভেতর দিয়েই আমরা এখন চলেছি লাভার দিকে। নেওড়া ভ্যালি জঙ্গলে সবুজের মাঝে উঁকি দিচ্ছে গুচ্ছ গুচ্ছ লাল রডোডেনড্রন।

আমরা বাঁয়ে বাঁক নিলাম,বড় এলাচ আর ঘন সবুজ চীরগাছের অরণ্য ঘিরে রেখেছে লাভা মনাস্ট্রি। এখন চলেছি সেই দিকে। দুপাশে বৌদ্ধ প্রার্থনা পতাকা উড়ছে দামাল হাওয়ায়।ফার্ণের জঙ্গল, প্রাচীন চীর গাছের গুঁড়িতে জমেছে ঘন শ্যাওলা।
সেই ২০১৫ তে একরাত লাভা মনাস্ট্রির পাশেই একটা হোটেলে ছিলাম,আবার আজ এসে নামলাম সেই জায়গায়।

যেহেতু সামনেই লাভা মনাস্ট্রি, বৌদ্ধদের অন্যতম তীর্থস্থান; তাই এখানে প্রায় সব বাড়িতেই বৌদ্ধ প্রার্থনা পতাকার ওড়াউড়ি! ‘চেলপোখরি’ ছোট্ট বস্তি পার হয়ে কিছুটা এগিয়েই পৌঁছে গেলাম লাভা মনাস্ট্রির গেটে।

1980 সালে স্থানীয় বৌদ্ধ সংগঠন এই এলাকায় চার একর জমির ওপর একটি বৌদ্ধ মঠ তৈরির সিদ্ধান্ত গ্রহণ করেন।1988 সালে এই মনাস্ট্রি তৈরির কাজ শুরু হলেও 1990 সালের 6ই জুন তিব্বতি স্থাপত্যে তৈরি লাভা মনাস্ট্রির উদ্বোধন হয়।

তারও এগারো বছর পর মনাস্ট্রির সামনে বৌদ্ধ লামাদের প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠা করেন তিব্বতের অন্যতম সন্ন্যাসী দলাই লমা।

এখন এখানে শতাধিক তরুণ বৌদ্ধসন্ন্যাসী বা লামা হবার পাঠ নিচ্ছেন। লাল পোশাকে ওই লাল মনাস্ট্রির চত্বরে ছোট-বড় লামারা স্থানে স্থানে ধৈর্য্য আর সংযমের অনুশীলন করছেন।বয়স্ক লামারা আমাদের বিশেষ অনুরোধ করলেন এই অবস্থায় যেন আমরা ওদের কোন
ছবি না তুলি,তাই ওদের একনিষ্ঠ অভ্যাসে বাধা না দিয়ে ফিরে যাচ্ছি।

সকাল এগারোটা দশ

বনিসন ভাই লাভা বাজারের সেলুনে গিয়ে চুল কেটে এল,আমরাও মনাস্ট্রি ঘুরে সামনের দোকানে টুকিটাকি কিনে আবার গাড়িতে চড়লাম।
এখন যাচ্ছি ১৯৮৫ খ্রীষ্টাব্দে তৈরি লাভা হাইস্কুলের পাশ দিয়ে কালিম্পং এর রাস্তা ধরে; যদিও আমাদের আজকের ঠিকানা কালিম্পং শহর নয়।

আলাগড় থেকে ডাইনে বাঁক নিতেই বৌদ্ধ মন্দির,ঘন চীরের অরণ্যের পাশে ভিউ পয়েন্ট ‘I love Lava”র সামনে অনেকেই ছবি তুলছেন, পাইন ফরেস্টেও কেউ কেউ উঠছে,আমরা অবশ্য সেসব ফেলে এগিয়ে যাচ্ছি; রাস্তার ধারে একটা ছোট্ট হনুমান মন্দিরে আজ পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। স্থানীয় মহিলারা পুজো দিতে এসেছে; পাশেই খিচুড়ি ভোগ রান্নার সুঘ্রাণ আসছে।

দুপুর এগারোটা পঞ্চাশ
পার হয়ে যাচ্ছি সুন্দর অচেনা গ্রাম মৈরুঙ গাঁও। অন্যান্য অফবিট বসতির মত খুব ছোট নয় এই গ্রাম,তবে বেশ সাজানো-গোছানো।
একজায়গায় বনবিভাগের কর্মীরা জঙ্গল পরিস্কার করছে। এখানেও অনেকগুলো সুন্দর সুন্দর হোমস্টে আছে।
মৈরুন গাঁও এর পরেই খ্রীষ্টান অধ্যুষিত একটি ছোট্ট গ্রাম ফতেমা গাঁও। এখানে ফুলে সাজানো বাড়িতে বাড়িতে উঠোনে ক্রুশের চিহ্ণ,ছোট্ট চার্চ। রাস্তার ধারে একটা হোমস্টের নাম ‘প্রথম আলো” এখান থেকে আমাদের আজকের গন্তব্য ডুকা ভ্যালি মাত্র তিন কিলোমিটার।

বেলা বারোটা পাঁচ
দুপাশে ভুট্টা খেতের মাঝখান দিয়ে ঢালু পথে গাড়ি গড়িয়ে পৌঁছে গেলাম একটা ছোট্ট পাহাড়ি ঝোরার কাছে। নাম ডুকা ফলস।
বেশ উঁচু থেকে কলকলিয়ে পড়ছে তার শীর্ণ জলধারা,ছোট্ট বাঁশের সাঁকোর তলায় নুড়িপাথরের ওপর দিয়ে বয়ে চলেছে সেই জলধারা। কাগে গ্রাম পঞ্চায়েত এর অধীনে এই ডুকা ঝর্ণার উলটো দিকে টালি বসানো বাঁশের রেলিং ঘেরা ছোট্ট ডুকা পার্ক, তার পাশেই টিনের দেওয়াল আর ছাদের সমন্বয়ে তৈরি ছোট্ট দোকান ঘরে চা,বিস্কুট, চিপস, চকলেট নিয়ে বসে আছেন এক স্থানীয় মহিলা।

দুপুর বারোটা বাহান্ন

একটু আগেই পাহাড় ঘেরা নির্জন ঢালে “ডোকে হোমস্টে”র কাঠের ঘরে আমাদের লাগেজ রেখে চা খেয়ে বেরিয়ে পড়েছি বনিসন ভাই এর গাড়ি চড়ে ডুকা ভ্যালি প্রদক্ষিণ করতে।
চারদিকে পাহাড় ঘেরা এই উপত্যকার শেষ সীমানায় এসে পড়লাম। পথে পেলাম ডুকা হাইস্কুল,তার পাশেই ডুকা ভ্যালি হোমস্টে সেখান থেকে বহুদূরে পাহাড়ের ঢালে ঝুম চাষের উপত্যকা আর আঁকাবাঁকা পথের সুন্দর দৃশ্য দেখা যায়। আর এখন এই শেষ সীমানায় আরও একটা স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, বাচ্চারা এখন সুন্দর রোদ ঝলমলে দিন উপভোগ করছে স্কুলঘরের বাইরে খোলা মাঠে। কারও কারও হাতে ব্যাডমিন্টন র‍্যাকেটও দেখছি।
স্কুলবাড়ির ঠিক নীচেই চলে গেছে যে রাস্তা এখন সেই পথে গাড়ি চলছে, নীচে নাকি নদী আছে!
ছোট্ট জমিতে এক মহিলা লাঙল চালিয়ে তাকে চাষযোগ্য করে তুলছেন, একটা বাচ্চা টায়ার গড়াতে গড়াতে হেঁটে যাচ্ছে আর আমাদের গাড়িও গড়গড়িয়ে নীচে নামছে।
অবশেষে গাড়ি থামলো, কিন্তু এ কি? নদীর নামে ছোট্ট জল-ধারার ওপরে কংক্রিটের ব্রীজ তৈরির কাজ চলছে।
পথ শ্রমিকেরা সেই সাদা সিমেন্টের ধুলোর ওপর বসে দুপুরের খাবার খাচ্ছেন। আমি ক্যামেরা ধরতেই ওই যে হাত নেড়ে হাসি উপহার দিলেন। কি সহজ সরল সেই হাসি! সারাদিনের পরিশ্রমের পর দুমুঠো খেতে বসেও বিরক্তি নেই! নদী দেখায় হতাশ হলেও ওদের এই হাসিমুখ দেখে মন ভরে গেল!

দুপুর একটা কুড়ি
হোমস্টে থেকে এডবিন ভাই জানিয়েছে দুপুরের খাবার তৈরি এদিকে আমরা এখন “ডুকা ভ্যালি সেক্রেড হার্ট চার্চে”র সামনে।
মূল রাস্তা থেকে খানিক চড়াইতে ১৯৭৭ সালে তৈরি এই চার্চে আগামীকাল গুড ফ্রাইডের প্রস্তুতি চলছে। চার্চে প্রার্থনা গৃহের পেছনে কচি পাইনের গাছ ঝিরিঝিরি হাওয়ায় দুলছে। পাথরের বেদিতে মা মেরির মূর্তির নীচে লেখা সেন্ট মারিয়া লেপচার স্মৃতিতে ৩১শে জানুয়ারি ২০২২ এন্থনি পরিবারের প্রতিষ্ঠিত এই চার্চ উদ্বোধন করেন দার্জিলিং ও সিকিমের তৎকালীন বিশপ রেভারেন্ড স্টিফেন লেপচা। এই পাথরের বেদির নীচে খাড়া পাহাড়ের ঢালে ঝোলানো চার্চের পেতলের ঘন্টা বেজে উঠলেই আশেপাশের আদিবাসী খ্রীষ্টধর্মাবলম্বীরা চার্চে এসে জড় হন।
বাইরে লোহার চেয়ারে চার্চের পেতলের
পানপাত্র,মেডেল,মেমেন্টোগুলো ঝকঝকে তকতকে করে রাখা আছে।
চার্চের ভেতরে গিয়ে দেখলাম সেখানেও
এক মহিলা সামনের মঞ্চে মা মেরি ও যীশুর প্রতিকৃতি পরিমার্জনা করছেন
মাইক,হারমোনিয়াম রাখা আছে। বাইরে ছাইরঙা পোশাকে এক সিস্টার বেশ কিছু তরুণীর সঙ্গে রঙিন ফুলের গুচ্ছ প্লাস্টিকের টবে সাজাচ্ছেন। সিস্টার জানালেন উনি এই ক্যাথোলিগ চার্চের তত্বাবধানে আছেন,আমি পুরুলিয়ার হোলি চাইল্ড ক্যাথোলিগ আশ্রমের স্কুলে পড়াতাম শুনে পুরুলিয়া কোথায় জানতে চাইলেন!
এবার ফিরছি হোমস্টে তে, সামনেই একটা চেরি গাছে সবুজ কচি ফল ধরেছে।

দুপুর দুটো তেত্রিশ
ডুকা ভ্যালির “ডোকে হোমস্টে”র সামনে বাঁশের রেলিং আর বাশের বেঞ্চ দুয়ে ঘেরা টিনের ছাউনির নীচে বসে লিখছি।তিনদিক ঘেরা বসার জায়গা,মাঝখানে একটা কাঠের চৌকো পাটাতন ভেদ করে গাছের গুঁড়ি উঠে টিনের ছাদ ছুঁয়েছে।
সেই কাঠের চারকোনা পাটাকে নীচে ওই গুঁড়ির সঙ্গে কাঠের টুকরো সাপোর্ট দিয়ে জঙ্গুলে প্রকৃতির সঙ্গে সাযুজ্য রেখে তৈরি হয়েছে টেবিল। এখানে বসে চায়ে চুমুক দিতে দিতে দেখা যাবে সামনের আদিগন্ত প্রকৃতি; যেখানে নানান সবুজ! কিছু চির বাঁশ আর নাম না জানা কত না বৃক্ষ দিয়ে সাজানো তার অপরূপ রূপ!
কালিম্পং অফবিটের এ এক অচেনা জায়গা। চৈত্র পবনের মৃদু দোলায় নির্জন প্রকৃতিতে শুধু পাতার মর্মর ধ্বনি শুনছি।
নীচের বাড়িগুলোর সামনে মা মুরগী তার ছানাপোনাদের নিয়ে টহল দিচ্ছে,রাস্তার পাশের কলে দুপুরের খাবার থালা-বাসন ধুচ্ছেন এক মহিলা,পাশেই বসে রয়েছে লোমশ পোষ্যটি। নীচে আঁকাবাকা জনহীন সংকীর্ণ পথে মাঝে মাঝে দু একটা বাইকের চলে যাওয়ার শব্দ শোনা যাচ্ছে, কখনও বা স্থানীয় বাচ্চাদের নিজেদের মধ্যে কথা বলতে বলতে চলে যাওয়া দেখছি।
এই হোমস্টের মালিক এডবিন ভাই।ওনার স্ত্রী বিনীতার রান্নাও বেশ ভালো। দুপুরে গরম গরম সুগন্ধি চালের ভাত,ডাল,আলুভাজা,স্কোয়াশের তরকারি আর আলু দিয়ে লাল লাল ডিমের ঝোল খেয়ে এলাম একটু নীচে নীল টিনে ছাওয়া কাঁচে ঘেরা ডাইনিং টেবিলে।
বাইরে হাত ধোয়ার বেসিন, পাশেই একটি শোবার ঘর ও রান্নাঘর।
খাবার জল আনতে গিয়ে আলাপ হল ওর বউ এর সঙ্গে। প্রতিবেশী মাতৃসমা এক বৃদ্ধা এই সময় এসে পড়ায় তাকেও রান্নাঘরেই বসিয়ে খাবার দিয়ে আতিথ্য করছে ওরা। বেশ ভালো লাগলো; একটু আগেই ওদিকের দোকানে বনিসন ভাই সাবান কিনতে গেছিল,তখনই ওই বৃদ্ধাকে চড়াই ভেঙে উঠে আসতে দেখলাম।
বাইরে একজোড়া বাচ্চার জুতো শুকোতে দেখে জিজ্ঞাসু হতেই,এডবিন ভাই জানালেন ওনাদের একমাত্র কন্যা ইনায়া এখন স্কুলে গেছে। বিকেলে আলাপ হবে ওর সঙ্গে।
আপাতত দূরের পাহাড়,তার ধাপে ধাপে নেমে আসা চাষের জমির উপত্যকা দেখতে দেখতে সোনালী রোদ আর পাগল করা দখিনা বাতাসের আমোদে বরং শরীর ভেজাই।

দুপুর তিনটে তিরিশ

একটু আলাপ সেরে এলাম এডবিন ভাই আর ওর বউ বিনীতার সাথে।
ধাপে ধাপে নীচে নেমে প্রথম ধাপে অতিথিদের খাবার ঘর আর রান্নাঘর ছোট্ট শোবার ঘর তার নীচের ধাপে খানিক চাষের জমিতে ভুট্টা চারারা মাথা তুলেছে আরও নীচে পাশাপাশি রঙবিহীন টিনের চালের তিনখানা ঘর দেখিয়ে এডবিন ভাই বলল,ওখানে ওর মা বাবা থাকে, ওটাই ওদের পুরোনো বাড়ি। চারবছর হল এই হোমস্টে তৈরি হয়েছে, তবে রাতে ওরা স্বামী-স্ত্রী চারবছরের শিশুকন্যাটিকে নিয়ে ওখানেই চলে যায়।

বিকেল চারটে পঁচিশ
একটা সাদা গাড়ি এসে দাঁড়ালো ওপরের রাস্তায়, বিনীতা,ওর শাশুড়ি মা আর নীল সোয়াটার আর স্কুলের পোশাকে ছোট্ট ইনায়া নেমে আসছে সিঁড়ি বেয়ে। বিনীতার হাতে ইনায়ার স্কুলব্যাগ,জলের বোতল,এডবিন ভাই এর মায়ের হাতে প্লাস্টিকের প্যাকেট ভরা বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিস।
নাতনিকে আনতে গিয়ে তিনি আলগড়ার বাজার থেকে ঘরের টুকিটাকি নিয়ে ফিরছেন। ছোট্ট ইনায়া হাত নেড়ে আমায় হ্যালো বলল।

বিকেল সাড়ে পাঁচটা

ইনায়া এসে আমার পাশে বসে গল্প করছে।
“মাই নেম ইজ ইনায়া লেপচা”বলতেই মেয়ে ওকে চকলেট দিল, আর ছোট্ট ইনায়া ফেরত দিল ওর হাসিমুখে বলা ‘থ্যাংকিউ’।
এবার ও আমার সাথে গল্প জুড়েছে। হাত দেখিয়ে বলছে- “ইয়ে ট্যুরিস্ট লোগোকা ঘর,ও কিচেন আউর নীচে দাদিকা ঘর।”
ওর তিন দাদি আছে, ভাই আছে “শিয়ান”। সে নাকি খুব শরারতি করে,”এক চকলেট খানে কে বাদ অউর মাংতা হ্যায়।পাপাকা নাম এডবিন লেপচা, মাম্মি কা নাম বিনীতা রাই।
আমি লিখছি দেখে বলছে,”তুম লিখ র‍্যাহি হ্যায়? দাদিকা নাম নিম্মি আউর এক্সা বেবি নাম ভি লিখো না!”
জিজ্ঞেস করলাম এক্সা কৌন হ্যায়? বলল, “এক ছোটা বাচ্চা,উসকা পাপা আর্মিমে কাম করতা হ্যায়,গুন্ডো কো পিটাই করতা হ্যায়। হাম এক্সা বেবিকো বহুত প্যায়ার করতা হ্যায়। আপকে নাম ক্যায়া হ্যায়? দিদিকা নাম ক্যায়া হ্যায়?” ওর নানান প্রশ্ন!
ওর সাথে কথা বলতে বেশ ভালো লাগছে!
এদিকে আকাশের আলো মুছে কালো অন্ধকারে চারদিকে পাহাড়ের গায়ে জ্বলে উঠছে আলো,দূরে চার্চের ঘন্টার শব্দের সঙ্গে ভেসে আসছে গীটারের মূর্ছনায় খ্রীষ্টগান। ইনায়ার মা বিনীতা এসে এই হোমস্টের ছাদে লাগানো আর এই বাঁশে ঘেরা বসার জায়গার ছাদে স্টারের ভেতর ঝোলানো বাল্ব এর সঙ্গে চারদিকে ঝোলানো ঝিকিমিকি আলোগুলো জ্বেলে দিয়ে গেল।ধর্মীয় গানের সুর আর এই পাহাড়ের গায়ে ঝিকিমিকি আলোর খেলা এক স্বর্গীয় পরিবেশ তৈরি করেছে। আগামীকাল যীশুখ্রিষ্টের প্রয়াণদিবস, এই ছোট্ট পাহাড়ি গ্রামে তার আগের সন্ধ্যায় এমন স্নিগ্ধ সুর মূর্চ্ছনা যেন তারই দ্যোতক।

সন্ধ্যে সাতটা পঁচিশ
চারদিকে মানিকজ্বলা পাহাড়ের মাঝখানে বসে একটু আগেই হোমমেড মোমোর স্বাদ নিতে নিতে চা খেলাম।
ইনায়া তার আগে আমার খালি গলায় উল্টোপাল্টা বাংলা গানের মানে না বুঝেও সুন্দর নাচ করে যাচ্ছিল।
যেই ওর বাবা মোমোর প্লেট নিয়ে এল অমনি কোথায় যে উধাও হয়ে গেল! আর দেখা পাচ্ছি না! দূরে একটা কুকুরের চিৎকারে এই নৈ:শব্দ খান খান হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *