সৈয়দ মুস্তাক আলি ট্রফির অভিযান শুরু হয়েছিল মহারাষ্ট্রের বিরুদ্ধে হার দিয়ে। তবে প্রথম ম্যাচের ধাক্কা সামলে দুরন্ত প্রত্যাবর্তন বাংলার। চণ্ডীগড়কে ৮৫ রানে হারিয়ে প্রতিযোগিতায় প্রথম জয় তুলে নিল অভিমন্যু ঈশ্বরণের দল। ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেললেন অভিষেক পোড়েল। বল হাতে মুকেশ কুমার ও করণ লালের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চণ্ডীগড়ের ব্যাটিং। ম্যাচের সেরা হয়েছেন অভিষেক।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ২০০ রান তোলে বাংলা। মাত্র ২৬ বলে ৫৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন অভিষেক। পাঁচটি চার ও তিনটি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। করণ লাল ১৫ বলে ২৩ রান করে তাঁকে যোগ্য সঙ্গত দেন। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ করেন ২২ বলে ২৯ রান। শাকির হাবিব গান্ধীর ব্যাট থেকে আসে ২৪ বলে ৩৪। শেষ দিকে রিশভ চৌধুরী মাত্র ১৯ বলে ৩৩ রান করে বাংলাকে দুইশোর গণ্ডি পার করান। পাঁচটি চার মারেন তিনি।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে চণ্ডীগড়। একমাত্র অরুণ আজাদ কিছুটা লড়াই করেন। ২৬ বলে ৪৭ রান করেন তিনি। তিনটি চার ও চারটি ছক্কা ছিল তাঁর ইনিংসে। রমন বিষ্ণোই ১৫ এবং ভগমেন্দর লাথের ১৭ রান করেন। কিন্তু বাকিদের ব্যর্থতায় ১৫.৫ ওভারেই ১১৫ রানে শেষ হয়ে যায় চণ্ডীগড়ের ইনিংস।
বাংলার বোলারদের মধ্যে সবচেয়ে সফল মুকেশ কুমার। মাত্র ২.৫ ওভারে ন’রান দিয়ে চার উইকেট তুলে নেন তিনি। করণ লাল চার ওভারে ২৪ রান দিয়ে তিন উইকেট নেন। প্রদীপ্ত প্রামাণিকের শিকার দু’টি উইকেট। মহম্মদ শামি পান একটি উইকেট।
মহারাষ্ট্রের কাছে হারের পর এই জয় বাংলার আত্মবিশ্বাস বাড়াবে। ব্যাটে অভিষেকের ঝড়, বলে মুকেশদের আগুন— চণ্ডীগড়ের বিরুদ্ধে সব বিভাগেই দাপট দেখাল বাংলা।

