চিকিৎসার খরচ টানতে না পেরে বৃদ্ধা মাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে, হরিদেবপুরে গ্রেফতার অভিযুক্ত

কলকাতা : দীর্ঘদিনের অসুস্থ মায়ের চিকিৎসার বিপুল খরচ বহন করতে না পেরে অবশেষে তাঁকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। সোমবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার হরিদেবপুর থানা এলাকার ১১৩/এ, হাফিজ মহম্মদ ইশাক রোডে। ঘটনার পর অভিযুক্ত ছেলে নিজেই পুলিশের আপৎকালীন ১০০ নম্বরে ফোন করে খুনের কথা স্বীকার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধার দেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম উমারানি ঘোষ (৮৫) এবং ধৃত ছেলের নাম সাগর ঘোষ (৬৭)। বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি উমারানি দেবী বিগত কয়েক বছর ধরেই নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত সাগর ঘোষ তদন্তকারীদের কাছে অপরাধের কথা কবুল করেছেন বলে পুলিশ দাবি করেছে। তাঁর বয়ান অনুযায়ী, দীর্ঘদিন ধরে মায়ের চিকিৎসার খরচ সামলাতে গিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছিলেন। সেই আর্থিক ও মানসিক চাপ থেকেই শেষ পর্যন্ত মাকে চিরতরে সরিয়ে দেওয়ার মতো চরম সিদ্ধান্ত নেন তিনি।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বৃদ্ধাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

তবে অভিযুক্ত ব্যক্তি খুনের যে কারণ দেখাচ্ছেন, তা কতটা সত্যি এবং এর নেপথ্যে অন্য কোনো পারিবারিক বা সম্পত্তিগত বিবাদ রয়েছে কি না, তা সব দিক থেকে খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ। পাশাপাশি, ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে কোনো গভীর মানসিক অবসাদে ভুগছিলেন কি না, তা জানতে প্রতিবেশীদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *