পুরুষদের দল যখন মাঠে ধারাবাহিকতার অভাবে ভুগছে, তখন ইস্টবেঙ্গলের মুখ উজ্জ্বল করে চলেছে মহিলারা। এএফসি কাপের কোয়ার্টার ফাইনালে ওঠার ঐতিহাসিক সাফল্যের পর এবার ঘরোয়া লিগেও জয় দিয়ে অভিযান শুরু করল লাল হলুদ। শুক্রবার কল্যাণী স্টেডিয়ামে মহিলা লিগের প্রথম ম্যাচে গোকুলাম কেরলকে ১-০ গোলে হারাল ইস্টবেঙ্গল। একেবারে শেষ মুহূর্তে ফাজিলা ইকওয়াপুটের গোলেই এল বহু প্রতীক্ষিত জয়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ইস্টবেঙ্গল। বলের দখল নিজেদের কাছে রেখে একের পর এক আক্রমণ তুলে আনছিলেন সুলঞ্জনা রাউলরা। তবে গোকুলামের জমাট রক্ষণ ভাঙা সহজ হয়নি। ২০ মিনিটে ফাজিলার পাস থেকে গোলের সুযোগ পেয়েছিলেন হেমম শিল্কি দেবী। কিন্তু তাঁর শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। ছয় মিনিট পর শিল্কির বাড়ানো বলে গোলের সামনে পৌঁছে গিয়েছিলেন রেস্টি নানজিরি। তবে গোকুলামের গোলরক্ষক শ্রেয়া হুডার দক্ষতায় রক্ষা পায় দল। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।
দ্বিতীয়ার্ধে অবশ্য গোকুলামও পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করে। শিলজি শাজির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ভেনেসা মবিনহো চিকুপিলাও দুই প্রান্ত ধরে আক্রমণে গতি বাড়ান। তবে ম্যাচের নিয়ন্ত্রণ ফের নিজেদের হাতে নিয়ে নেয় ইস্টবেঙ্গল। লইতংবাম আশালতা দেবীর কর্নার থেকে নাওরেম প্রিয়াঙ্কা দেবীর হেড পোস্টে লেগে ফিরে আসে। ফাজিলার চিপও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে, কায়েনপাইবাম অঞ্জু চানুর নিশ্চিত গোলের সুযোগ দুরন্ত দক্ষতায় আটকে দেন শ্রেয়া।
মনে হচ্ছিল, প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হবে দুই দলকে। কিন্তু শেষ হাসি হাসে ইস্টবেঙ্গল। সংযুক্ত সময়ে রিম্পা হালদারের বাড়ানো বল ধরে গোলরক্ষককে পরাস্ত করে জালে বল জড়িয়ে দেন ফাজিলা। তাঁর ওই একটি গোলেই তিন পয়েন্ট নিশ্চিত হয় লাল হলুদের।

