কিশ্তওয়াড়ে দুই এসওপি-র গুলিবিদ্ধ দেহ উদ্ধার, পাকিস্তানকে নিশানা বিজেপির

কিশ্তওয়াড় : জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়াড় জেলায় নিখোঁজ থাকা দুই স্পেশাল পুলিশ অফিসার (এসপিও)-এর নিথর দেহ বৃহস্পতিবার সকালে উদ্ধার হয়েছে। বুধবার রাত থেকে নিখোঁজ থাকার পর এদিন সকালে পৃথক সময়ে ওই দুই অফিসারের দেহ উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। এই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে পাকিস্তানের নাশকতামূলক ষড়যন্ত্রের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অবিলম্বে কড়া ও চারগুণ প্রত্যাঘাতের দাবি জানিয়েছেন কিশ্তওয়াড়ের বিজেপি বিধায়ক শগুন পরিহার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত থেকেই ওই দুই এসপিও নিখোঁজ ছিলেন। তাঁদের খোঁজে রাতভর তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। অবশেষে বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ প্রথম পুলিশ কর্মীর দেহ উদ্ধার হয় এবং এর ঠিক এক ঘণ্টা পর সকাল ৯টা নাগাদ দ্বিতীয় এসপিও-র দেহ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই গোটা এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী চিরুনি তল্লাশি শুরু করেছে।

এই মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিজেপি বিধায়ক শগুন পরিহার বলেন, “অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। আমাদের দুই এসপিও-কে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গত রাত থেকেই তাঁরা নিখোঁজ ছিলেন এবং সকালে তাঁদের দেহ উদ্ধার হয়েছে। একটি দেহ সকাল ৮টা নাগাদ এবং দ্বিতীয় দেহটি সকাল ৯টা নাগাদ পাওয়া গিয়েছে। এটি গভীর শোকের বিষয়।” পাকিস্তানকে সরাসরি নিশানা করে বিধায়ক আরও বলেন, “পাকিস্তান ক্রমাগত তাদের ঘৃণ্য ও নাশকতামূলক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি, যাতে এই দুই এসপিও-র মৃত্যুর জন্য দায়ী জঙ্গিদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনা হয়। আমাদের দাবি, এই দুটি প্রাণের বিনিময়ে যেন চারগুণ শক্তিশালী জবাব দেওয়া হয়। আমি নিজেও কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − thirteen =