উড়ানের আগে এয়ার ইন্ডিয়ার বিমানে হাইজ্যাকের সতর্কতা, কলকাতা-মুম্বই বিমানে আতঙ্ক

কলকাতা : কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার আতঙ্ক ও চাঞ্চল্য ছড়ালো| ওড়ার ঠিক আগে এয়ার ইন্ডিয়ার একটি বিমান থেকে হাইজ্যাক অ্যালার্ট জারি করা হয়। কলকাতা থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ওড়ার আগেই হাইজ্যাকের হুমকি পাওয়ায় তড়িঘড়ি সেটিকে আইসোলেশন বে-তে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিমানে থাকা সমস্ত যাত্রীকে নামিয়ে শুরু হয় নিরাপত্তা তল্লাশি। বুধবার সকালে এয়ার ইন্ডিয়ার এআই ৭৭২ বিমানে এই ঘটনা ঘটেছে।

সূত্রের খবর, বিমানটি ওড়ার ঠিক আগে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোল-কে হাইজ্যাকের বার্তা পাঠান। এই অ্যালার্ট পাওয়ার সঙ্গে সঙ্গেই বিমানবন্দর কর্তৃপক্ষ এবং নিরাপত্তা সংস্থাগুলি সতর্ক হয়। নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো বিমানটিকে ঘিরে ফেলে। যাত্রীদের নিরাপদে বাইরে বের করে এনে বিমানে নিবিড় তল্লাশি অভিযান শুরু হয়।

পাইলটের পক্ষ থেকে কেন এই হাইজ্যাক অ্যালার্ট পাঠানো হয়েছিল, সেই নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট আধিকারিকরা খতিয়ে দেখার চেষ্টা করছেন যে, এই অ্যালার্টটি কোনও প্রযুক্তিগত ত্রুটির কারণে হয়েছিল, নাকি এর পেছনে অন্য কোনও কারণ ছিল। এই ঘটনার ফলে কলকাতা বিমানবন্দরে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 5 =