শিলিগুড়ি থেকে তিনধুরে/সামাবিয়াং, চেনা-অচেনা পথের ডায়েরি

রিঙ্কু চট্টোপাধ্যায়

১লা এপ্রিল ২০২৬
সকাল দশটা পাঁচ

শিলিগুড়ির সাবেরা হোটেল ছেড়ে জমজমাট সেবক রোড ধরে বনিসন ভাই এর ওয়াগনর চড়ে চলেছি।
সপ্তাহের তৃতীয় দিনের সকাল, এই রাস্তায় বেশিরভাগই বাড়ি তৈরির সরঞ্জাম এর দোকান, একে একে সেগুলোর শাটার উঠছে।
রামকৃষ্ণ মোড়ের ক্লক টাওয়ারের কাছে এসে পৌঁছেছি।
কোন দিকে না বাঁক নিয়ে গাড়ি সোজাই চলেছে,দুপাশে বড় বড় গাছে লাল অশোকফুল,প্রচুর বড় বড় শপিংমল,ফ্ল্যাটবাড়ি,মাল্টিপ্লেক্স, ব্র‍্যান্ডেড জুয়েলারি শপ,নামী স্কুল,বড় হোটেল, ডানদিকে আইটি রোড।
আবার তারই পাশে গরীবের গুমটি দোকানের সারি।

সকাল দশটা বারো

শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের পাশে ট্রাফিক সিগন্যালে গাড়ি দাঁড়িয়ে আছে
সামনে বি এস এফ মোড়,ইস্টার্ন বাইপাস দিয়ে আমরা সোজাই চলেছি। কংক্রিটের ব্রীজ তৈরি হচ্ছে তাই বনিসন ভাই কাঁচ তুলে এসি চালিয়ে দিল।
‘শালুগাড়া’ জায়গাটা শহর ছাড়িয়ে তবু এখানেও দেখছি বিস্তৃত হয়েছে নাগরিক স্বাচ্ছন্দ্য।
প্রচুর বহুতল,মাল্টিপ্লেক্স; শালুগাড়া মনাস্ট্রি দেখতে দেখতেই মিলিটারি এলাকায় ঢুকে পড়লাম। সেবক রোড এর কেন্দ্রীয় বিদ্যালয়ে বাচ্চারা খেলছে। চিফ ইঞ্জিনিয়ারের এলাকা,সেবক রোড মিলিটারি স্টেশন,শালের জঙ্গলের মাঝে মাঝে সেনা ভর্তি কেন্দ্র,তিস্তা হুইলারস, সেবক রোড হেড কোয়ার্টার্স,ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ,মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, বেঙ্গল সাফারি,ওয়াইল্ড এনিম্যাল পার্ক।
সেবক রোড এর নাম নাকি এই এলাকার রাজার নামে হয়েছে বলে জানালো বনিসন ভাই।
এখান থেকে কালিম্পং ৫৪ কিলোমিটার। আমরা যাব ওই জেলারই একটি চাবাগান ঘেরা গ্রামে।
চলে এলাম তিস্তার ধারে, সামনে রেল সেতু; যেটা চলে গেছে জলপাইগুড়ি হয়ে আসাম।

সকাল দশটা চল্লিশ

তিস্তার সেতুর ওপর দিয়ে চলে এসেছি এপারে, পাহাড়ের গা বেয়ে ডানদিকে বয়ে যাচ্ছে বেগবতী তিস্তা।

সকাল দশটা ছেচল্লিশ

ঐতিহ্যবাহী করোনেশন ব্রীজ পার হয়ে যাচ্ছি,দুপাশে লালমুখো বাঁদরের দল আসর জমিয়েছে। আকাশে সূর্য এখানে লুকোচুরি খেলছে মেঘের সঙ্গে। চমৎকার আবহাওয়া!

দশটা চুয়ান্ন

মং পং বাংলো,মং পং পাম্প হাউস- বাগরাকোট,নতুন কচিপাতায় ভরা শালের জঙ্গল দেখতে দেখতে যাচ্ছি।
পাশেই সঙ্গে সঙ্গে চলেছে রেললাইন কখনো ডাইনে,কখনও বাঁয়ে চালসা,খুনিয়া হয়ে।
অলংবেরি পুলিশ ক্যাম্পের পর নিউ মাল এর চাবাগান শুরু হয়ে গেল।বাগানের ধারে ম্যানেজার বাঁশে ঝোলানো দাঁড়িপাল্লায় চা শ্রমিকদের তুলে আনা থলে ভরা চায়ের পাতা ওজন করে নিচ্ছে।
অলংবেরি টী এস্টেট এর শেড ট্রীগুলো শাখা বিস্তার করে পরম যত্নে আগলে রাখছে দুটি পাতার একটি কুঁড়ির সদ্য প্রস্ফুটিত চায়ের পাতা।
লেক রিভার এর পাশে আবার চায়ের বাগান,বাগরাকোট মিলিটারি স্টেশন।
গাড়ি থেমেছে চায়ের বিরতি নিতে।
চা বাগানের মাঝে চলে গেছে রেললাইন আর সড়কের ধারে চায়ের দোকান,যদিও সেই চায়ের স্বাদ সেভাবে পেলাম না। শুরু হয়েছে আবার এগিয়ে চলা।

দুপুর এগারোটা চল্লিশ

নুড়িভরা একটা নদীর ওপর দিয়ে ওদলাবাড়ি চলে এলাম,বাচ্চাদের স্কুল আদর্শ বিদ্যালয় এর মাঠে শিশুদের খেলা,রাস্তায় স্কুলের পোশাকে শিশুদের হেঁটে যাওয়া,ওদলাবাড়ির জমজমাট বাজারে ফলের দোকানে স্থানীয় মহিলার কেনাকাটা,দোকানে দোকানে হনুমান জয়ন্তীর ঝাণ্ডা,গ্রামীণ হাসপাতাল,লাল পাথরের জগন্নাথ মন্দির এইসব দেখতে দেখতে চলে এলাম চেল নদীর পাশে। এখান থেকে লাটাগুড়ি চল্লিশ কিলোমিটার। রানীছেড়া চা বাগান এলাকা বেশ বড়। তবে এই বাগানে ঢাল কম প্রায় সমতল জমিতে মাঝে মাঝে ঢেউ খেলানো উঁচুনিচু জমিতে চায়ের গাছে দেখা দিয়েছে দুটি পাতা একটি কুঁড়ি।

দুপুর এগারোটা পঞ্চাশ

ডামডিম মোড় থেকে বাঁদিকে চলেছি গরুবাথান এর পথে। ডানদিকে দু কিলোমিটার গেলেই ডামডিম স্টেশন।আমরা চলেছি বাঁদিকে,তেরো কিলোমিটার গেলেই গরুবাথান। মোড়ে, মোড়ে বাজার বসেছে ফল,সবজি,সুপারি গাছে ছাওয়া ঘরবাড়ি, বাগরাকোট মিলিটারি ফৌজের ছাউনি। মিলিটারিদের স্কুল,ইন্সটিটিউটের সামনে জওয়ানেরা ঘুরে বেড়াচ্ছে; কামান রাখা আছে ছাউনির ফটকে। পাশে লেখা- “Nation First”। একজন ফেরিওলা স্বচ্ছ বস্তায় রসুন বেচে বেড়াচ্ছে। এখানেরই জমিতে চাষ হওয়া রসুন, পরে কোথাও পেলে কেনার ইচ্ছে রইল।রানীছেঁড়া চা বাগানের এলাকা এখানেও বিস্তার লাভ করেছে। বাগানের কর্মীদের গাছে ঘেরা ছোট ছোট কোয়ার্টার।এখন “মিন গ্লাস” চা বাগানের রাস্তায় গাড়ি চলেছে। রোজ মেরি বোর্ডিং স্কুল, মিন গ্লাস হস্পিটাল,ফ্যাক্ট্রি সবই কাছাকাছি। চা বাগান ফুরোতেই ঘন জঙ্গল গরুবাথানের।

বারোটা দশ

মাঝে মাঝে জঙ্গল আর তার পাশেই আবার চা বাগান, এই তো উত্তরবঙ্গের চেনা ছবি! আবারও পেলাম ফাগু টী এস্টেট এর দীর্ঘ চা বাগান। সামনে হিমালয় দেখা দিয়েছে,আলাগড় উনষাট কিলোমিটার৷ গরুবাথান চেক পয়েন্টের পাশেই তীর-ধনুক হাতে লক্ষ্যভেদ করছে এমন এক আদিবাসী যুবকের দণ্ডায়মান মূর্তি।

দুপুর বারোটা কুড়ি

গরুবাথানের সোমবারাই বাজারে কিছু কেনার জন্য আমাদের ড্রাইভার গাড়ি থামিয়েছেন। কাছেই বেনসন একাডেমি,হোলি চাইল্ড স্কুলে বাচ্চারা খেলা করছে।এখানেও বাড়িতে বাড়িতে ফুলের সমাহার আর সবার জমিতেই কলা,সুপারির বাগান। আপার ফাগু টী এস্টেট এর চড়াই রাস্তা ছেড়ে বনিসন ভাই নীচের ঢালু পথ বেয়ে গাড়ি নামিয়ে একটা ছোট্ট ব্রীজের ওপর দিয়ে পৌঁছে গেল পাহাড়ের গায়ে বয়ে যাওয়া চেল খোলা নদীর ধারে। স্থানীয় কয়েকজন মহিলা এই নদীর পাড়ের নুড়ি পাথরে আছড়ে কাপড় কাচছে। পাশেই একটি ছোট্ট রেস্টুরেন্টের সামনে একদল কুকুর ঘুরে বেড়াচ্ছে। চারদিকেই সবুজ পাহাড়,মাঝখানে ছোট-বড় নুড়িপাথরের ওপর বয়ে চলেছে চেলখোলা নদী, আমাদের এবারের ভ্রমণের প্রথম দর্শনীয় স্থান! জলে নেমে সেই শীতলতার স্পর্শ নিলাম। দু একটা তরুণ-তরুণীর জুটি এখানে সময় কাটাতে এসেছে একান্তে, ওদের এই নিরালা সময়ের হাতে থাকতে দিয়ে আমরা গাড়িতে উঠলাম।

দুপুর বারোটা পঁয়তাল্লিশ

আপার ফাগু চা বাগান ডাইনে রেখে আমরা এখন চড়াই পথে ঝান্ডির রাস্তায়। পাহাড়ের চড়াই বেয়ে উঠছি,ছোট্ট ছোট্ট কাঠের বাড়িতে সাজানো বাহারি লতানো গাছ, এস এস বি ক্যাম্পের পাশে পাথরের গায়ে ড্রাইভারদের সতর্কবার্তা লেখা- Keep your nerves on such curves.বাঁদিকে এখন ঘন সুপুরির জঙ্গল,ডানদিকে চা-বাগান; নাম “এম্বিয়ক টী গার্ডেন” তার ধারে ডালিম ফোর্ট ট্যুরিস্ট লজ। আকাশে মেঘ উড়ছে,আমরা ওপরে উঠছি, মেঘ থেকে ঝরে পড়া টুপ টাপ বৃষ্টি শুরু হয়েই জোরে পড়তে শুরু করল যে! স্কুলের বাচ্চারা পথের পাশে দোকানে মাথা বাঁচাতে দাঁড়িয়ে পড়েছে, একটা মোরগও দুটো বড় গাছের তলায় আশ্রয় নিয়েছে। কালিম্পং জেলার অন্যতম সুন্দর চা বাগান এই এম্বিয়ক টী এস্টেট। বৃষ্টি ভুলে এই চা বাগান আর তার পাশে বৃষ্টি ভেজা বুদ্ধ মূর্তির ছবি তুলে নিলাম।  ছোট্ট পার্কে লেখা “I Love AMBIOK” এই ঝিরিঝিরি বৃষ্টি আর ভেজা হাওয়ায় পার্কের ভেতরে নেপালের আদি কবি ভানুভক্ত আচার্যর স্বর্ণালি মূর্তির নীচের ঢালে সবুজ চা বাগানের অপূর্ব দৃশ্য বেশিক্ষণ উপভোগ করতে পারছিনা! বৃষ্টি বেড়ে গেছে তাই শুধু ছবি নিয়েই ফিরে এসে গাড়িতে উঠছি। গাড়ির সাউন্ড সিস্টেমে এখন বাজছে “মেঘ পিওনের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা…।”

চড়ায় উঠে বাঁক ঘুরতেই বৃষ্টি থেমে গেছে। পাপড়খেতি পিকনিক স্পটে এলাম। এদিকের প্রায় সব ছোট ছোট বাড়িতেই একটা করে জানালা খোলা যেখানে ঝোলানো নানা রঙের বিস্কুট,চিপস ম্যাগির প্যাকেট; ভেতরে বাড়ির মহিলারা নিজেদের কাজও সারছেন,আবার পথচারীদের প্রয়োজন মিটিয়ে দাম নিচ্ছেন। পাপড়খেতি পিকনিক স্পটের মূল সৌন্দর্য উঁচু উঁচু পাথরের খাঁজে শীর্ণ এক খরস্রোতা ছুটে চলেছে অনেক নীচে, তার ঠিক ওপরে রাস্তার ধারে বড় একটা পাথরের মাথায় ছোট্ট মন্দির; চারপাশে গেরুয়া পতাকা। জুতো খুলে সেই পাথরের ওপর থেকে নীচে বয়ে চলা স্রোতস্বিনীর দৃশ্য দেখে মন ভালো হয়ে গেল!

দুপুর দুটো পঁচিশ

অনেকখানি আঁকাবাঁকা চড়াই পথ বেয়ে সামাবিয়াং ট্যুরিস্ট বাংলোর পাশের বৌদ্ধ মনাস্ট্রি দেখতে এসেছি,পাশেই ছোট্ট ফুটবল মাঠে ছেলেরা খেলা করছে। নির্জনতায় মোড়া লাল রঙের ওপর নানা কারুকার্য করা সামাবিয়াং মনাস্ট্রি, বৌদ্ধ স্তুপ,গুগ্‌গুলের পোড়া বেদি; দিগন্তখোলা উঠোনে লোহার চেয়ার পাতা। মেঘলা হওয়ায় বেশ শীত করছে। ৬৮০০ ফুট উচ্চতার এই সামাবিয়াং এ সেলিম ভাই এর হোমস্টেতেই আমাদের আজকের রাত্রিবাস এবং খাওয়া দাওয়া! অনেকক্ষণ বেরিয়েছি প্রায় তিনটে বাজতে চলল পেটে ছুঁচো ডন দিচ্ছে!

দুপুর সাড়ে তিনটে।

দুটো পঁয়ত্রিশ নাগাদ সামাবিয়াং মনাস্ট্রি দেখে আমরা যখন সেলিম ভাই এর সামাবিয়াং হোমস্টে তে এসে উঠেছিলাম তখন পেট চুঁইচুঁই অবস্থা।
২ আর ৩ নং দুটো রুম আমাদের জন্য বরাদ্দ ছিল। ব্যাগ রেখে হাতমুখ ধুয়ে প্রকাশের বানানো গরম ভাত,ডাল,ফুলকপির তরকারি,পাঁপড়, স্যালাড আর ডিমের ঝোল দিয়ে জম্পেশ মধ্যাহ্নভোজন সেরে বনিসনের গাড়িতে চড়ে আমরা এখন সামাবিয়াং টী গার্ডেনে এসেছি।
বহুদূর অবধি বিস্তৃত ঢেউখেলানো চা বাগানে স্থানীয় পুরুষ ও মহিলারা স্বচ্ছ জালি দেওয়া প্লাস্টিকের থলেতে চা পাতা তুলতে ব্যস্ত। এখান থেকেই একটা পথ চলে গেছে কোলাখাম। পুরোনো চা গাছ ফেলে বেশ কিছুটা জায়গায় নতুন করে চায়ের জমি তৈরি করে বড় গাছের ডালের সঙ্গে চায়ের চারা বসানো হয়েছে। একজায়গায় ছোট ছোট চা গাছের চারা মাটিসমেত প্লাস্টিকে মুড়ে ডাঁই করে রাখা আছে সামনের বিস্তীর্ণ জমিতে ভবিষ্যতে রোপণ করার জন্য। দূরে,দূরে পাহাড়ের ঢালে ছোট ছোট বাড়ির গায়ে মেঘেদের আনাগোনা। সামনেই শিবমন্দির পাহারা দিচ্ছেন পাথরের নন্দী,রাস্তার পাশের এক ছোট্ট বাড়ির গৃহকর্ত্রী রাস্তা তৈরির শ্রমিকদের স্টীলের থালায় চায়ের কাপ সাজিয়ে আপ্যায়ন করছে!
এখনো চারটে বাজেনি তাও এখানে আকাশের আলো মরে এসেছে। সামাবিয়াং চা বাগানের মাঝখানের পথ ধরে স্ত্রী-পুরুষ চা শ্রমিকেরা তাদের সারাদিনের সংগ্রহ করা দুটি পাতা একটি কুঁড়ির ঝোলা নিয়ে বেরিয়ে আসছে। দল বেঁধে হাসি ঠাট্টায় মশগুল ওরা এগিয়ে যাচ্ছে ফ্যাক্ট্রির পথে। সেখানে একে একে নিজেদের তোলা চায়ের পাতা দিলেই মিলবে দিনের মজুরি। তারপর সেই টাকায় আজকের খোরাকি নিয়ে ওরা ঘরে ফিরবে।অভাব ওদের আনন্দের বাধা হয়ে দাঁড়ায় নি,বরং এই দুটি পাতা একটি কুঁড়ির সবুজ উদ্যানে ওরা জীবন খুঁজে পায়,খুঁজে পায় বাঁচার আনন্দ।

সন্ধ্যে ছটা দুই

চা বাগান থেকে বনিসনের গাড়িতে ফিরে এসে আমরা মা-মেয়ে আবার বেরিয়ে পায়ে হেঁটে ঘুরে এলাম তিনধুরের এই ছোট্ট পাহাড়ি জনপদ।
যদিও এই হোমস্টের নাম সামাবিয়াং হোমস্টে কিন্তু সামাবিয়াং চা বাগান এখান থেকে আরও এক কিলোমিটার এগিয়ে। এই জায়গাটায় খান চারেক হোমস্টে আর গোটা দশ বাড়ি ছাড়া আর তেমন কিছুই নেই। শুধু পাহাড়ের শান্ত-নির্জনতার এক অনাবিল সৌন্দর্য। পাখির ডাক,হাওয়ার শব্দ,চারপাশে সবুজ গাছগাছালির ফাঁকে নানা ফুল আর বাড়িগুলোও রঙবাহারি গাছভরা ফুলে সাজানো। প্রধানমন্ত্রী গ্রামসড়ক যোজনায় তৈরি এই গ্রামের পথে দু একটা বাইক আর প্রাইভেট গাড়ি ছাড়া যানবাহনও তেমন চোখে পড়লো না। বেশ কয়েকটা লোমশ কুকুর ঘুরে বেড়াচ্ছিল আমাদের পায়ে পায়ে। একটি বাড়ির কোণে ছোট্ট একমাত্র দোকানে চকলেট বিস্কুট চিপস পাওয়া যাচ্ছে। এছাড়া আর কোন চায়ের দোকানও নেই। অগত্যা হোমস্টের কুক প্রকাশের অপেক্ষায় বসে আছি ও কখন নিয়ে আসবে সান্ধ্য চায়ের সঙ্গে টা!

সন্ধ্যে সাতটা দশ।

প্রকাশের দিয়ে যাওয়া পেঁয়াজ পকোড়া আর চা খেয়ে আমরা তিনজন এখন হোমস্টের নীচে বাঁধানো খোলা চাতালের একপাশে বাঁধানো ছাউনির নীচে বাঁশের বেঞ্চে বসে আছি,সামনে মাঝারি উচ্চতায় বৃত্তাকার মাটি লেপা বনফায়ারের উনুনে দাউ দাউ করে জ্বলছে বড় বড় কাঠ। এই কাঠ সম্পূর্ণ পুড়ে যখন আগুনের শিখা নিভে যাবে তখন সেই নিভন্ত চুল্লির ধিকিধিকি আগুনে হোমস্টের ম্যানেজার হেমন্ত ভাই আমাদের জন্য চিকেন বারবিকিউ বানাবে। এখন আগুন পোহাতে পোহাতে তারই অপেক্ষা!

রাত্রি সাড়ে আটটা

হেমন্ত ভাই প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে নিভন্ত আগুনের উত্তাপের ওপর লোহার জাল বসিয়ে একঘন্টা আগে ম্যারিনেট করা চিকেন সেই জালের ওপর সাজিয়ে উলটে পালটে রান্না করছেন। গল্প করতে করতে জানলাম ওনার বাড়ি কাছেই। বাড়িতে স্ত্রী আর দুই মেয়ে। এক মেয়ে কালিম্পং এ পড়াশোনা করে আর ছোট মেয়ে ওনাদের কাছেই থাকে। আমাদের মেয়ের পরিচয় পেয়ে খুব খুশি হলেন,আনত শ্রদ্ধায় জানালেন মেয়েদের লেখাপড়া শিখিয়ে তিনিও চান তারা স্বনির্ভর হোক! পাহাড়সমান উন্নত মানসিকতার মানুষ হেমন্ত রাই,হিমালয়ের কোলের এই ছোট্ট গ্রামে থেকেও মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোর পক্ষপাতী; একথা জেনে মনে মনে কুর্ণিশ জানালাম। মোটামুটি রেডি আমাদের চিকেন বারবিকিউ! রান্নাঘর থেকে আনা গলানো মাখন লাগিয়ে লেবু,পেঁয়াজ, আর সস দিয়ে সাদা প্লেটে হেমন্ত ভাই আমাদের সাজিয়ে দিল সেই অপূর্ব সুখাদ্য। প্রায় সাত হাজার ফুট উচ্চতায় হিমালয়ের কোলে এই পাহাড়ি বস্তিতে বসে রাতের হিমশীতল হাওয়া, বনফায়ার আর এই সোনালী চিকেনের স্বর্ণালি-স্বর্গীয় স্বাদ অনেকদিন মনে থাকবে।

রাত্রি সাড়ে দশটা

সন্ধ্যেয় চা পকোড়া আর চিকেন বারবিকিউ এর পর রাতের ডিনার করার মত পেটে জায়গা না থাকলেও প্রকাশের তৈরি দুর্দান্ত স্বাদের চিকেন কারি দিয়ে গরম রুটি খেয়ে এখন দুধসাদা বিছানায় শুয়ে পড়ছি আগামীকাল ২রা এপ্রিল এক নতুন জায়গা আবিষ্কারের স্বপ্ন নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − two =