আনন্দের শুরু, অনুজের হাত ধরে শতক! ভারতীয় দাবার ইতিহাসে নতুন অধ্যায়

একজনের হাত ধরে ভারতীয় দাবায় শুরু হয়েছিল বিশ্বজয়ের স্বপ্ন। ৩৮ বছর পর আর এক তরুণের হাত ধরে সেই যাত্রা পৌঁছে গেল ঐতিহাসিক মাইলফলকে। দেশের গ্র্যান্ডমাস্টারের সংখ্যা ১০০ ছুঁয়ে ফেলল। শততম গ্র্যান্ডমাস্টার হওয়ার কৃতিত্ব অর্জন করলেন মধ্যপ্রদেশের ২২ বছর বয়সি অনুজ শ্রীভার্তি। দীপাবলির আবহে ভারতীয় দাবায় জ্বলে উঠল সাফল্যের নতুন আলো।

ফিলিপিন্সে সপ্তম আসিয়ান প্লাস ব্যক্তিগত দাবা প্রতিযোগিতায় দুরন্ত পারফরম্যান্স অনুজের। ৯ রাউন্ডের লড়াইয়ে ৭ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন হন তিনি। এর সঙ্গেই পূরণ হয় গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্ন। মধ্যপ্রদেশের প্রথম দাবাড়ু হিসেবেও এই সম্মান পেলেন অনুজ।

১৯৮৮ সালে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন বিশ্বনাথন আনন্দ। সেই সময় থেকে ভারতীয় দাবার পথচলায় আমূল বদল এসেছে। প্রথম ৫০ জন গ্র্যান্ডমাস্টার পেতে দীর্ঘ সময় লাগলেও পরের ৫০ জনের মাইলফলক ছুঁতে তুলনায় অনেক কম সময় লেগেছে। শুধু ২০২৬ সালেই নতুন করে ৯ জন গ্র্যান্ডমাস্টার পেয়েছে দেশ।

এই সাফল্যে উচ্ছ্বসিত আনন্দও। তাঁর কথায়, ১৫ বছর আগে দেশে গ্র্যান্ডমাস্টারের সংখ্যা ছিল মাত্র ৩০। ২০২২ সালের চেন্নাই দাবা অলিম্পিয়াডে সংখ্যাটা ৭৫ হওয়াতেই খুশি হতেন তিনি। মাত্র চার বছরে তা ১০০ ছুঁয়ে ফেলবে, ভাবেননি।

গুকেশ, প্রজ্ঞানন্দ, অর্জুন এরিগাইসি, নিহাল সরিনের মতো তরুণরা ভারতীয় দাবাকে আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠা করেছেন। ১৮ বছর বয়সে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন গুকেশ। দেশের ১০০ গ্র্যান্ডমাস্টারের মধ্যে ৩৮ জন তামিলনাড়ুর। মহিলা গ্র্যান্ডমাস্টার রয়েছেন চার জন। তবে বিদেশে খেলা, প্রশিক্ষণ ও গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জনের বিপুল খরচ এখনও বড় বাধা। সেই বাধা পেরিয়েই আনন্দের শুরু করা যাত্রাকে শতকের ঘরে পৌঁছে দিলেন অনুজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =