কলকাতা : দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষার কথা মাথায় রেখে নিষিদ্ধ বাজির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল বিধাননগর পুলিশ কমিশনারেট। বিভিন্ন এলাকায় লাগাতার নজরদারি ও নাকা তল্লাশি চালিয়ে মোট ৯৭৩ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় মোট ১৪টি মামলা দায়ের হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে ২১ জনকে। শনিবার সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান বিধাননগর পুলিশ কমিশনার অমিত কুমার রাঠোর।
পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই কমিশনারেটের বিভিন্ন থানা এলাকায় নিষিদ্ধ বাজির বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হচ্ছে। সেই অভিযানে লেকটাউন থানার পুলিশ ৩৪৩ কেজি বাজি উদ্ধার করে একজনকে গ্রেফতার করেছে। বাগুইআটি থানায় ৩১৫ কেজি বাজি উদ্ধার করে গ্রেফতার করা হয়েছে আটজনকে। রাজারহাট থানায় ৮৮ কেজি বাজি উদ্ধার ও একজনকে গ্রেফতার করা হয়েছে। টেকনোসিটি থানায় ৮২ কেজি বাজি উদ্ধার করে পাঁচজন এবং ইকোপার্ক থানায় ৩৫ কেজি বাজি উদ্ধার করে একজনকে গ্রেফতার করা হয়েছে।
এ ছাড়াও কমিশনারেটের অন্যান্য থানা এলাকাতেও অভিযান চালিয়ে নিষিদ্ধ বাজি উদ্ধার ও গ্রেফতার করা হয়েছে। পরিবেশ দূষণ রুখতে আগামী দিনেও এই অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

