বাবার ব্যাটিংয়ের ছায়া ছেলের খেলায়! সেহওয়াগ-পুত্রের ঝড়ে উড়ল নেপাল

বাবা ছিলেন বোলারদের রাতের ঘুম কেড়ে নেওয়ার কারিগর। ব্যাট হাতে নামলেই প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়তেন। এ বার সেই আগ্রাসী ব্যাটিংয়ের উত্তরাধিকার যেন তুলে নিচ্ছেন ছেলে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুললেন বীরেন্দ্র সেহওয়াগ-পুত্র আর্যবীর। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের সঙ্গে অধিনায়ক লক্ষ রাইচন্দানির দায়িত্বশীল ইনিংস। দুই ওপেনারের দাপটে নেপালকে কার্যত দাঁড়াতেই দিল না ভারত। শুক্রবার মাসকটে গ্রুপ এ-র ম্যাচে ১০ উইকেটে জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করল ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল।

ভারতের জয়ের ভিত অবশ্য তৈরি হয়েছিল বোলারদের হাত ধরে। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন অধিনায়ক লক্ষ। শুরু থেকেই নেপালের ব্যাটিংকে চাপে ফেলে দেন ভারতীয় বোলাররা। বিশেষ করে ইশান সুদের বোলিং সামলাতে কার্যত হিমশিম খেতে হয় নেপালের ব্যাটারদের। প্রথম ওভারেই মেডেন দিয়ে শুরু। এরপর প্রাশিদ্ধ জয়শিকে ১ রানে ফিরিয়ে দেন তিনি। সূর্যাংশু কৈরালা ও নিশাল ছেত্রীকেও সাজঘরে ফেরান ইশান। মাত্র ২৭ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে নেপাল।

মাঝের দিকে নিরজ কুমার যাদব, আশিস লুহার ও দর্শ সোনার কিছুটা লড়াই করেন। নিরজের সংগ্রহ ২০ রান। আশিস করেন ২৯। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান আসে দর্শের ব্যাট থেকে। কিন্তু ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে বড় রান তুলতে পারেনি নেপাল। ৪২.৩ ওভারে ১২৮ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। ইশান সুদ ১৮ রান দিয়ে তিনটি উইকেট নেন। অরুণ রাজপুতও তিনটি উইকেট তুলে নেন। যশবীর গৌড় পান দু’টি উইকেট। মনল চৌহান ও কাব্য পটেল একটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা সময় নিলেও ক্রমশ হাত খুলতে থাকেন আর্যবীর। বাবার মতোই আক্রমণাত্মক ব্যাটিংয়ে নেপালের বোলারদের উপর চাপ তৈরি করেন তিনি। একবার হাত খুলতেই চার-ছক্কার বন্যা বইতে শুরু করে। মাত্র ৩৪ বলে অর্ধশতরান পূর্ণ করেন সেহওয়াগ-পুত্র। অভয় যাদবের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে লং অফের উপর দিয়ে তাঁর বিশাল ছক্কাটি ছিল দেখার মতো। শেষ পর্যন্ত ৫২ বলে ৭০ রানে অপরাজিত থাকেন আর্যবীর। তাঁর ইনিংসে ছিল ৭টি চার ও ৪টি ছক্কা।

অন্যদিকে অধিনায়ক লক্ষও কম যাননি। ৬৩ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন তিনি। মারেন চারটি বাউন্ডারি। দুই ওপেনারের অবিচ্ছিন্ন শতরানের জুটিতে মাত্র ১৯.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

এ বার অবশ্য ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ। আগামী রবিবার মুখোমুখি হতে হবে পাকিস্তানের। গ্রুপ এ-তে ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরশাহি রয়েছে। প্রথম ম্যাচে দুরন্ত জয়ের পর আত্মবিশ্বাস তুঙ্গে থাকলেও পাকিস্তান ম্যাচে বাড়তি সতর্ক থাকতে হবে লক্ষদের। পাশাপাশি ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে আর্যবীর ও রাহুল দ্রাবিড়-পুত্র অন্বয় দ্রাবিড়ের দিকেও। দুই প্রাক্তন ভারতীয় তারকার ছেলেরা এশিয়ার মঞ্চে কতটা আলো ছড়াতে পারেন, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + eight =