পাঞ্জাবের অমৃতসর থেকে জলপাইগুড়িগামী কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, চলন্ত ট্রেনের ইঞ্জিন ও ৫টি কামরায় আগুন ঘিরে তীব্র আতঙ্ক

ফতেহপুর : পাঞ্জাবের অমৃতসর থেকে বাংলার জলপাইগুড়িগামী যাত্রিবাহী কর্মভূমি এক্সপ্রেসে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। শুক্রবার রায়পুরার কাছে চলন্ত ওই ট্রেনের ইঞ্জিন এবং পরপর ৫টি কামরায় হঠাৎই আগুন লেগে যায়। এই আকস্মিক ও মর্মান্তিক দুর্ঘটনায় ট্রেনযাত্রীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রেল সূত্রে প্রাপ্ত খবরে জানা গিয়েছে, ১২৫০৮ ডাউন কর্মভূমি এক্সপ্রেস শুক্রবার তার নির্ধারিত সময় মেনেই অমৃতসর থেকে জলপাইগুড়ির উদ্দেশে রওনা দিয়েছিল। দুপুর আনুমানিক ১২টা নাগাদ ট্রেনটি ফতেহপুর সাহিবের সাধুগড় স্টেশন ছেড়ে যাওয়ার পরেই ট্রেনের একটি বগি থেকে আগুন ও কালো ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ট্রেনের ইঞ্জিন থেকে শুরু করে ৪টি জেনারেল কামরা সহ মোট ৫টি বগিতে ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে।

হঠাৎ এমন বিপদের মুখোমুখি হয়ে চলন্ত ট্রেনেই যাত্রীদের মধ্যে চরম হুড়োহুড়ি ও আতঙ্ক শুরু হয়। পরিস্থিতি বেগতিক দেখে মাঝপথেই ট্রেনটি থামিয়ে দেওয়া হয় এবং যাত্রীরা দ্রুত হুড়মুড়িয়ে ট্রেন থেকে নেমে নিরাপদ দূরত্বের দিকে সরে যান। ততক্ষণে ট্রেনের বেশ কয়েকটি কামরা লেলিহান শিখায় গ্রাস করে এবং গোটা এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি দমকল বাহিনী ও রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। প্রাথমিক তদন্তে রেল কর্তৃপক্ষের অনুমান, শর্টসার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।

রেলওয়ে মণ্ডলের পিআরও নীরজ গণমাধ্যমকে জানিয়েছেন, “অমৃতসর থেকে পশ্চিমবঙ্গগামী কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রেলের মেডিক্যাল টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। রেলের ডিআরএম বিনোদ কুমার ভাটিয়াও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে স্বস্তির বিষয় হলো, এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =