চন্দ্রকোনা পুলিশের বড়সড় সাফল্য! নিষিদ্ধ শব্দবাজি তৈরির কারবারে গ্রেফতার ১, উদ্ধার প্রায় ১০ কেজি শব্দবাজি ও তৈরির সামগ্রী

সুমন মণ্ডল, চন্দ্রকোনা : পুলিশের গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ শব্দবাজি তৈরির কারবারের পর্দাফাঁস করল চন্দ্রকোনা থানার পুলিশ। অভিযানে প্রায় ১০ কেজি শব্দবাজি এবং বাজি তৈরির সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ভাতহাড়া গ্রামের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা অজিত সাঁতরার বাড়িতে নিষিদ্ধ শব্দবাজি তৈরি হচ্ছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। সেই খবরের ভিত্তিতে চন্দ্রকোনা থানার পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের গাড়ি দেখেই ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত। তবে পুলিশ দ্রুত এলাকা ঘিরে ফেলায় শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে যান অজিত সাঁতরা।এরপর অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বাড়ি থেকে কিছুটা দূরে মজুত করে রাখা বাজি তৈরির সামগ্রী এবং প্রায় ১০ কেজি শব্দবাজি উদ্ধার করে পুলিশ। সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করার পাশাপাশি অজিত সাঁতরাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার ধৃত অজিত সাঁতরাকে ঘাটাল আদালতে পেশ করা হয়েছে। নিষিদ্ধ শব্দবাজি তৈরির কারবারের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে চন্দ্রকোনা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =