রাজস্থানে ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৮ শ্রমিকের মৃত্যু, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

ঝুনঝুনু : সড়ক নির্মাণের কাজ চলাকালীন উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে এসে প্রাণ হারালেন অন্তত আট জন শ্রমিক। সোমবার রাজস্থানের ঝুনঝুনু জেলার ছাপোলি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনায় আরও চার থেকে পাঁচ জন শ্রমিক গুরুতর অগ্নিদগ্ধ ও আহত হয়েছেন। এই মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছাপোলি গ্রামে কদম কুণ্ডের দিকে যাওয়ার একটি গ্রামীণ সড়ক নির্মাণের কাজ চলছিল। সেই সময় রাস্তা তৈরির জন্য ব্যবহৃত একটি কংক্রিট মিক্সার (পাথর-বালি মেশানোর) মেশিন ওপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের হাইটেনশন বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে। মুহূর্তের মধ্যে গোটা যন্ত্রটিতে উচ্চমাত্রার বিদ্যুৎ প্রবাহিত হয় এবং সেখানে কর্মরত শ্রমিকরা বিদ্যুৎস্পৃষ্ট হন। তীব্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আট জন শ্রমিকের মৃত্যু হয়।

দুর্ঘটনার বিকট আওয়াজ শুনে আশেপাশের বহু গ্রামবাসী দুর্ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়েই ঝুনঝুনুর জেলাশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছন এবং উদ্ধারকাজ শুরু করেন। গুরুতর আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

এই হৃদয়বিদারক দুর্ঘটনার খবরে শোকবার্তা প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “রাজস্থানের ঝুনঝুনুতে দুর্ঘটনার কারণে প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহত ও আহতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। কীভাবে বিদ্যুতের তারের নিচে উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা ছাড়াই কাজ চলছিল, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + twelve =