ইঞ্জিন ছাড়াই ৬ কিমি দৌড়ল ট্রেন, তামিলনাড়ুর জোলারপেট্টাইয়ে চাঞ্চল্য

তিরুপাত্তুর (তামিলনাড়ু) : তামিলনাড়ুর তিরুপাত্তুর জেলায় এক অদ্ভুত ও চাঞ্চল্যকর রেল দুর্ঘটনার ঘটনা ঘটেছে। জোলারপেট্টাই জংশনের রেলওয়ে ইয়ার্ডে কোনও ইঞ্জিন ছাড়াই অরক্ষিত অবস্থায় দাঁড়িয়ে থাকা সাতটি খালি বগি হঠাৎ গড়িয়ে মূল লাইনে চলে আসে। প্রায় ৬ কিলোমিটার পথ ছুটে চলার পর থামালেড়ি মুথুর সংলগ্ন প্রধান রেললাইনে বগিগুলি লাইনচ্যুত হয়। এই ঘটনার জেরে ব্যস্ত বেঙ্গালুরু–চেন্নাই রুটের একাধিক দূরপাল্লার ট্রেনের গতি স্তব্ধ হয়ে পড়ে এবং ব্যাপক দেরিতে চলাচল করতে থাকে।

সোমবার রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, জোলারপেট্টাই জংশনের ইয়ার্ডে বগিগুলি ইঞ্জিন ছাড়া রাখা ছিল। আচমকা ঢালু লাইনের কারণে সেগুলি একা একাই চলতে শুরু করে এবং গতি বাড়িয়ে প্রায় ছয় কিলোমিটার দূরে গিয়ে থামালেড়ি মুথুরের কাছে ছিটকে লাইনের ওপর উল্টে পড়ে। তবে বগিগুলিতে কোনও যাত্রী বা চালক না থাকায় বড়সড় প্রাণহানির হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।

ঘটনার খবর পেয়েই রেলের পদস্থ আধিকারিক ও উদ্ধারকারী দল দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় গ্যাস-কাটার যন্ত্র ব্যবহার করে একে অপরের সঙ্গে জোড়া লাগানো কামরাগুলির সংযোগ অংশ কেটে আলাদা করা হয়। এরপর জেসিবি মেশিন এনে ভারী বগিগুলিকে ঠেলে মূল রেললাইন থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়।

লাইনচ্যুত বগিগুলির কারণে দীর্ঘক্ষণ ডাউন ও আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় রেল প্রশাসন। বিশেষ করে বেঙ্গালুরু ও চেন্নাইয়ের মধ্যে চলাচলকারী একাধিক গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনের সময়সূচি সম্পূর্ণ বিঘ্নিত হয়, চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা

বগিগুলি কীভাবে ব্রেক ছাড়া বা কোনো বাধা ছাড়া নিজে থেকে চলতে শুরু করল, তাতে কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে দক্ষিণ রেলওয়ে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =