দীপাবলির আগে সমর্থকদের জন্য বড় উপহার! উৎসবের আলো জ্বলার আগেই লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে অকাল দীপাবলি। ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে নেমেই বাজিমাত ইস্টবেঙ্গলের মেয়েদের। ভিয়েতনামের শক্তিশালী হো চি মিন সিটি এফসিকে ২-১ গোলে হারিয়ে অভিযান শুরু করল লাল-হলুদ। আর সেই জয়ের নায়িকা ফাজিলা ইকওয়াপুট। তাঁর জোড়া গোলেই তিন পয়েন্ট তুলে নিয়ে নকআউটের স্বপ্নকে আরও উজ্জ্বল করল অ্যান্থনি অ্যান্ড্রুজের দল।
গত মরশুমে এই প্রতিযোগিতার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। এবার শুরু থেকেই ছবিটা বদলে দিতে মরিয়া মশাল গার্লস। প্রাথমিক পর্বে টানা পাঁচ ম্যাচ জিতে মূল পর্বে পৌঁছেছিল তারা। সেই আত্মবিশ্বাসের ছাপ দেখা গেল রবিবার কিশোর ভারতী স্টেডিয়ামেও। যদিও ম্যাচের শুরুতেই বিপদে পড়তে পারত লাল-হলুদ। তিন মিনিটে ভিয়েতনামের আক্রমণ রুখে দেন গোলরক্ষক পান্থোই চানু। পালটা আক্রমণে ফাজিলার ক্রস থেকে সুযোগ পেয়েও গোল করতে পারেননি রেস্টি নানজিরি।
এরপর ধীরে ধীরে মাঝমাঠের দখল নেয় ইস্টবেঙ্গল। ১৮ মিনিটে বক্সের মধ্যে হ্যান্ডবলের আবেদন জানায় তারা। রেফারি ভিডিও পর্যালোচনার সাহায্য নিয়ে পেনাল্টি দেন। ২১ মিনিটে স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি ফাজিলা। ৩৪ মিনিটে ফের জ্বলে ওঠেন তিনি। নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান। বিরতিতে ২-০ গোলে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধে অবশ্য লড়াইয়ে ফেরার চেষ্টা করে হো চি মিন সিটি। ৬০ মিনিটে ডি আহনের হেডে ব্যবধান কমে। এরপর একের পর এক আক্রমণে চাপে পড়ে লাল-হলুদ রক্ষণ। তবে গোলরক্ষক পান্থোইয়ের তৎপরতায় বিপদ সামাল দেয় ইস্টবেঙ্গল। ৭২ মিনিটে হেডে হ্যাটট্রিকের সুযোগ এসেছিল ফাজিলার সামনে। দু’মিনিট পর আরও একটি সুযোগ নষ্ট করেন তিনি। ব্যবধান বাড়াতে না পারলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-হলুদ।
৪ নভেম্বর দক্ষিণ কোরিয়ার হুয়াচিওন কেএসপিও এবং ৬ নভেম্বর ৪.২৫ এসসির বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। প্রথমবার নকআউটে পৌঁছনোর স্বপ্ন এখন আরও জোরাল।

