সুমন মন্ডল, পশ্চিম মেদিনীপুর : শারদোৎসবের আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে চন্দ্রকোনা থানা প্রাঙ্গণে আয়োজিত হলো বিজয়া সম্মিলনী। চন্দ্রকোনা থানার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা একে অপরের সঙ্গে শুভ বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের আধিকারিক পাপিয়া সুলতানা, চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক সুকান্ত দোলুই, ঘাটালের মহকুমা পুলিশ আধিকারিক সপ্তর্ষি ভট্টাচার্য, চন্দ্রকোনা থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রত্যয় দাস, চন্দ্রকোনা ১ ও ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকরা এবং ক্ষীরপাই ও রামজীবনপুর পুলিশ ফাঁড়ির আধিকারিকরা।
দুর্গাপুজোর দিনগুলিতে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে পুজো উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যে নিজেদের উৎসবের আনন্দ বিসর্জন দিয়ে রাস্তায় দাঁড়িয়ে কর্তব্য পালন করেন পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়াররা।
অন্যের মুখে হাসি ফোটাতে নিজেদের পুজোর আনন্দ থেকে বঞ্চিত থেকেও হাসিমুখে দায়িত্ব পালন করেন তাঁরা।সেই সমস্ত সিভিক ভলান্টিয়ারদের অবদানকে সম্মান জানিয়ে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের এই নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতাকে সম্মান জানানোর মধ্য দিয়ে মানবিকতা, সম্প্রীতি ও সামাজিক দায়বদ্ধতার বার্তা উঠে আসে।

