কলকাতা : কলকাতায় দিলজিৎ দোসাঞ্জের প্রস্তাবিত অনুষ্ঠানে নিয়ে নবান্নে প্রস্তুতি শুরু হয়েছে। ইনস্টাগ্রামে দিলজিতের একটি সদ্য বার্তাই উন্মাদনা বাড়িয়েছে অনুরাগীদের।
জানা গেছে, আয়োজকরা ইডেন গার্ডেনসে কনসার্টের আয়োজন করতে চেয়েছিলেন, কিন্তু নবান্ন জানিয়েছে, মঞ্চ বাঁধা হোক যুবভারতী ক্রীড়াঙ্গনে। তবে অনুষ্ঠানের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
সূত্রের খবর, টিকিটের সম্ভাব্য চাহিদা এবং বিপুল দর্শকসমাগমের কথা মাথায় রেখেই যুবভারতীতে কনসার্ট আয়োজনের অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আয়োজনের প্রস্তুতি ও বিভিন্ন দফতরের সমন্বয়ের বিষয়টি তত্ত্বাবধান করছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল।
নবান্ন সূত্রে জানা যাচ্ছে, নভেম্বরের ২৩ বা ২৪ তারিখ এবং ডিসেম্বরের ১৯ তারিখ—এই সম্ভাব্য দিনগুলি নিয়ে আলোচনা চলছে। কলকাতায় দিলজিৎ-এর কনসার্ট হবে, সেটা চূড়ান্ত তবে তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
দিলজিতের সরকারি ট্যুর ওয়েবসাইটেও কলকাতার নাম রয়েছে, কিন্তু তারিখ ও অনুষ্ঠানস্থলের জায়গায় বিস্তারিত ঘোষণা বাকি বলে জানানো হয়েছে। ফলে যুবভারতীতে আয়োজনের প্রস্তুতি চললেও অনুরাগীদের চূড়ান্ত ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।
প্রসঙ্গত, দিলজিতের ইনস্টা পোস্টে দেখা যাচ্ছে, যেন কফি হাউজে বসে কফি খাচ্ছেন দিলজিৎ, সঙ্গে বাজছে বাংলা গান—‘দিশাহারা কেমন বোকা মনটা রে’। এ বার সেই অপেক্ষার কনসার্ট ঘিরে প্রশাসনিক প্রস্তুতিও শুরু হয়েছে বলে নবান্ন সূত্রের খবর।

