সামশেরগঞ্জে এনকাউন্টার-কাণ্ডে ফরেন্সিক তদন্ত, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ

সামশেরগঞ্জ : মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বিজেপি নেতা সুজিত মণ্ডল খুনের মামলার মূল অভিযুক্ত সামাউল হকের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় এবার ফরেন্সিক তদন্ত শুরু হলো। বুধবার রাত আনুমানিক ১০টা নাগাদ রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির একটি বিশেষজ্ঞ দল সামশেরগঞ্জের ডাকবাংলা সংলগ্ন ঘটনাস্থলে পৌঁছয় এবং গোটা এলাকা খতিয়ে দেখে তদন্ত প্রক্রিয়া শুরু করে।

ঘটনাস্থলে পৌঁছে ফরেন্সিক বিশেষজ্ঞরা এনকাউন্টারের পারিপার্শ্বিক পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেন। পুলিশের সঙ্গে অভিযুক্তের গুলির লড়াই ঠিক কীভাবে এবং কত দূরত্ব থেকে ঘটেছিল, তা নিশ্চিত করতে মাটি থেকে রক্তের নমুনা, ব্যবহৃত বুলেটের অংশ ও গুলির খোল সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি ক্রাইম সিনের বিস্তারিত মানচিত্রায়ন ও ভিডিওগ্রাফি সম্পন্ন করেছে তদন্তকারী দল।

উল্লেখ্য, বিজেপি নেতা সুজিত মণ্ডল হত্যাকাণ্ডের পর থেকেই মূল অভিযুক্ত সামাউল হক পলাতক ছিল। পুলিশের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে ডাকবাংলা সংলগ্ন এলাকায় অভিযান চালানো হলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সামাউল। পালটা আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে গুলিবিদ্ধ হয় সে, পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। এই এনকাউন্টারকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হওয়ার পরই তদন্তের স্বচ্ছতা বজায় রাখতে ফরেন্সিক বিশেষজ্ঞদের তলব করে জেলা পুলিশ প্রশাসন। ফরেন্সিক রিপোর্টের ফলাফলের পরই পুরো ঘটনার প্রযুক্তিগত দিক স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *