রনজি ট্রফিতে কেরলের বিরুদ্ধে বাংলার প্রথম ইনিংসে নায়ক শাহবাজ আহমেদ। এক সময় ১০৮ রানে ৫ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়েছিল বাংলা। সেখান থেকে লড়াই করে দলকে ৩৫০ রানে পৌঁছে দিলেন শাহবাজ। তাঁর ব্যাট থেকে এল ২০৩ বলে ১২১ রানের দুরন্ত ইনিংস। অন্য দিকে, সুমন্ত গুপ্তের ৪৯ এবং প্রদীপ্ত প্রামাণিকের ২৭ রানের অবদানও গুরুত্বপূর্ণ। দ্বিতীয় দিনের শেষে কেরল ১০১ রানে ৬ উইকেট হারিয়ে বাংলার থেকে ২৪৯ রানে পিছিয়ে রয়েছে।
কেরল টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। বাংলার শুরুটা অবশ্য খারাপ হয়নি। অভিমন্যু ঈশ্বরণ ১০ রান করে ফিরলেও অঙ্কুর পাল ৮০ বলে ৬৬ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৮টি চার। আমির গনি ১৪ এবং সুদীপকুমার ঘরামি ৩৬ রান করেন। কিন্তু অঙ্কুরের বিদায়ের পর দ্রুত উইকেট হারায় বাংলা। সুদীপ চট্টোপাধ্যায় ৬ এবং অভিষেক পোড়েল শূন্য রানে আউট হন। দু’জনকেই ফেরান কেরলের বোলার আদিত্য সারওয়াতে। তখনই ম্যাচে ফিরে আসার আশা দেখছিল কেরল।
কিন্তু শাহবাজের ব্যাটিংয়ে বদলে যায় ছবিটা। একদিকে উইকেট পড়লেও অন্য প্রান্তে ধৈর্য ধরে ইনিংস এগিয়ে নিয়ে যান তিনি। ২০৩ বলের ইনিংসে ৮টি চার ও ৪টি ছক্কা মারেন শাহবাজ। তাঁর শতরান বাংলার ইনিংসকে নতুন প্রাণ দেয়। সুমন্ত গুপ্তের সঙ্গে তাঁর জুটি থেকে আসে ১০৩ রান। সুমন্ত ৯৫ বলে ৪৯ রান করে আউট হন। এর পর প্রদীপ্ত প্রামাণিকের সঙ্গে শাহবাজের জুটিতে ওঠে ৫৯ রান। প্রদীপ্ত ২৭ রান করেন। শেষ দিকে শামি ১৭ রান যোগ করেন। ফলে ১০২.২ ওভারে বাংলার ইনিংস শেষ হয় ৩৫০ রানে।

