দমদম বিমানবন্দরে বোমা রাখার হুমকি চিঠি উদ্ধার, তল্লাশিতে মিলল না কোনো সন্দেহজনক বস্তু

কলকাতা : কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক (দমদম) বিমানবন্দরে শুক্রবার একটি হুমকি চিঠি উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ায়। পুজোর ছুটির পর যখন বিমানবন্দরে যাত্রীদের উপচে পড়া ভিড়, ঠিক সেই সময়ই এই ঘটনায় নিরাপত্তা বাহিনীকে চরম সতর্ক অবস্থায় দেখা যায়। তবে দীর্ঘ তল্লাশির পর বিমানবন্দর চত্বরে কোনো ধরনের সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন।

পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, এদিন বিমানবন্দরের শৌচাগারের কাছাকাছি সাফাইকর্মীরা একটি হুমকি ভরা কাগজ পড়ে থাকতে দেখেন। সেই কাগজে একটি নির্দিষ্ট প্রবেশদ্বারে বোমা রাখা রয়েছে বলে দাবি করা হয়েছিল। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই তৎপর হয়ে ওঠে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ), স্থানীয় থানা এবং বম্ব স্কোয়াড বা বোমা নিষ্ক্রিয়কারী দল। নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে ওই নির্দিষ্ট প্রবেশদ্বারটি খালি করে দেওয়া হয় এবং বিমানবন্দর জুড়ে শুরু হয় নজিরবিহীন তল্লাশি অভিযান।

পুলিশ জানিয়েছে, যে সাফাইকর্মীরা প্রথমে হুমকি চিঠিতে পেয়েছিলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি, শৌচাগার ও সংশ্লিষ্ট চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে যাতে স্পষ্ট বোঝা যায় কে বা কারা ওই হুমকি চিঠটি রেখেছিল। তবে স্বস্তির বিষয় হলো, এই ভুয়ো হুমকির জেরে বিমানবন্দরের স্বাভাবিক বিমান চলাচল বা কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। সমস্ত ফ্লাইট নির্দিষ্ট সময়েই যাতায়াত করছে।

উল্লেখ্য, দমদম বিমানবন্দরে বোমা রাখার হুমকির ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত ৮ অক্টোবরও একটি ইমেলের মাধ্যমে বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। সেবারও কঠোর তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। বারবার এই ধরনের ভুয়ো হুমকির জেরে বিমানবন্দরে নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *