নয়াদিল্লি : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে কংগ্রেস সাংসদ অঙ্গোমচা বিমল আকোইজামের বিরুদ্ধে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপির মহিলা সাংসদদের একটি প্রতিনিধি দল। রাষ্ট্রপতির কাছে বিষয়টি তুলে ধরে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাতে পারেন তাঁরা।
এদিন বিজেপির রাজ্যসভার সাংসদ গীতা শাক্য এই প্রসঙ্গে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে নিশানা করেছেন। তাঁর অভিযোগ, জেএনইউয়ে ১১ জন ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত কংগ্রেস সাংসদকে আড়াল করা হচ্ছে। গীতা শাক্য বলেন, রাহুল গান্ধীর উচিত ওই সাংসদের পদত্যাগ দাবি করা এবং তাঁকে দল থেকে বহিষ্কারের ব্যবস্থা করা।
বিজেপির মহিলা সাংসদদের এই সাক্ষাতের আগে, সোমবার দিল্লিতে কংগ্রেসের সদর দফতরের বাইরে বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চা। দলের তরফে অভিযোগ করা হয়েছে, একদিকে কংগ্রেসের নেতারা নারী সুরক্ষার কথা বলছেন, অন্যদিকে তাঁদের দলের সাংসদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে নীরব রয়েছেন।
অঙ্গোমচা বিমল আকোইজাম মণিপুরের ইনার মণিপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ। তিনি জেএনইউয়ের অধ্যাপকও ছিলেন। বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্রীর তরফে তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কমিটি অভিযোগগুলির তদন্ত করে। এরপর ৯ অক্টোবর জেএনইউ তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে।
অন্যদিকে, ১১ অক্টোবর পাওয়া অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ একটি এফআইআর দায়ের করেছে। তবে আকোইজাম অভিযোগগুলি অস্বীকার করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।
এই পরিস্থিতিতে রাষ্ট্রপতির সঙ্গে বিজেপির মহিলা সাংসদদের প্রস্তাবিত সাক্ষাৎকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়তে পারে।

