নয়াদিল্লি : ভোটচুরির অভিযোগে দিল্লির সাউথ অ্যাভিনিউয়ে ধরনায় বসার পর আটক হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ধরনাস্থল থেকে তাঁকে আটক করে দিল্লি পুলিশ। একইসঙ্গে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও সাংসদকেও আটক করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন দোলা সেন, প্রতিমা মণ্ডল, ডেরেক ও’ব্রায়েন, শামিরুল ইসলাম এবং সাকেত গোখেল।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেআইনি জমায়েতের অভিযোগে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরনা তুলে নেওয়ার কথা বলে। কিন্তু তিনি তাতে রাজি হননি। এরপরই তাঁকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। আটক নেতাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।
আটক হওয়ার পর প্রিজন ভ্যানে যাওয়ার সময় নিজের ফেসবুক পেজে লাইভ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের সরব হন তিনি। ওই সময় তাঁকে অন্যদের সঙ্গে গান গাইতেও দেখা যায়। প্রিজন ভ্যানে তাঁর গাওয়া গান ‘আঁখো মে ভর লো পানি’ নিয়েও আলোচনা শুরু হয়।
শনিবার সকাল থেকেই দিল্লিতে সিজেপি আন্দোলনকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের তৎপরতা বাড়ে। এরই মধ্যে সাউথ অ্যাভিনিউয়ে নিজের বাসভবনের সামনে ধরনায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ দোলা সেন, প্রতিমা মণ্ডল, ডেরেক ও’ব্রায়েন, শামিরুল ইসলাম এবং সাকেত গোখেল। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছয় দিল্লি পুলিশের আধিকারিকরা। ধরনা প্রত্যাহারের অনুরোধ জানানো হলেও মমতা বন্দ্যোপাধ্যায় তা মানেননি। পরে পুলিশ তাঁকে এবং তাঁর সঙ্গে থাকা নেতাদের আটক করে।

