এশিয়ান গেমসের জ্যাভলিন থ্রোয়ে ফের জোড়া পদক পেল ভারত। নাগোয়া সিটি মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে পুরুষদের জ্যাভলিনে রুপো জিতলেন যশবীর সিংহ, আর ব্রোঞ্জ এল রোহিত যাদবের হাত ধরে। সোনা গেল শ্রীলঙ্কার রুমেশ থারাঙ্গার দখলে।
রুমেশ ৮৮.৫৫ মিটার ছুড়ে সোনা নিশ্চিত করেন। শুরুতে তিনটি প্রচেষ্টায় ৭৩.৫৩, ৮৩.৩৪ মিটার এবং একটি ফাউল করার পর চতুর্থ প্রচেষ্টায় ৮৮.৩৩ মিটার ছুড়ে প্রতিযোগিতার মোড় ঘুরিয়ে দেন তিনি। শেষ প্রচেষ্টায় নিজের সেরা দূরত্ব আরও বাড়িয়ে ৮৮.৫৫ মিটারে পৌঁছে যান।
ভারতের যশবীর প্রথমে ৮৩.৫৬ মিটার ছুড়ে এগিয়ে ছিলেন। তৃতীয় রাউন্ডে রোহিত ৮৪.৩৫ মিটার ছুড়ে শীর্ষে ওঠেন। তবে শেষ দিকে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন যশবীর। ষষ্ঠ ও শেষ প্রচেষ্টায় ৮৫.৭২ মিটার ছুড়ে নিজের ব্যক্তিগত সেরা রেকর্ড গড়ে রুপো নিশ্চিত করেন। রোহিতের সেরা দূরত্ব ৮৪.৩৫ মিটার।
অলিম্পিক্স চ্যাম্পিয়ন পাকিস্তানের আরশাদ নাদিম ৮০.২৯ মিটার ছুড়ে চতুর্থ হন। একাধিক ফাউলের কারণে তিনি পদকের লড়াইয়ে ফিরতে পারেননি।
এই সাফল্যের ফলে টানা দ্বিতীয় এশিয়ান গেমসে পুরুষদের জ্যাভলিনে দু’টি পদক পেল ভারত। ২০২৩ সালের হাংঝউ এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া এবং রুপো পেয়েছিলেন কিশোর জেনা। চোটের কারণে এ বার এশিয়ান গেমসে নীরজ অংশ নেননি।
যশবীরের জন্য এই পদক আন্তর্জাতিক মঞ্চে দুর্দান্ত ফর্মের আরও একটি প্রমাণ। এ বছর কমনওয়েলথ গেমসেও ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।

