নয়াদিল্লি : পেট্রোল পাম্পে বিক্রি হওয়া পেট্রোলে কত শতাংশ ইথানল রয়েছে, তা উল্লেখ করা এবং পেট্রোলের রসিদেও সেই তথ্য দেওয়ার দাবিতে করা একটি আবেদনের শুনানি করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। বিচারপতি এমএম সুন্দরেশের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, আবেদনকারী চাইলে হাইকোর্টে যেতে পারেন।
আইনজীবী এনকে গোস্বামী এই আবেদনটি করেছিলেন। আবেদনে বলা হয়েছে, ই-২০ পেট্রোল অর্থাৎ ২০ শতাংশ ইথানল মেশানো পেট্রোল বিক্রির নীতির বিরোধিতা করছেন না আবেদনকারী। তবে সাধারণ মানুষ কী কিনছেন, তা জানার অধিকার তাঁদের রয়েছে। তাঁর দাবি, পেট্রোলের রসিদে ইথানলের পরিমাণের কোনও উল্লেখ থাকে না।
শুনানির সময় গোস্বামী বলেন, অ্যাটর্নি জেনারেলও সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন যে ইথানল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরে অবশ্য সরকারের পক্ষ থেকে সেই বক্তব্য অস্বীকার করা হয়।
গোস্বামী জানান, বিষয়টি তাঁর ব্যক্তিগত স্বার্থের সঙ্গে যুক্ত নয়, বরং সাধারণ মানুষের স্বার্থের সঙ্গে সম্পর্কিত। এর জবাবে অ্যাটর্নি জেনারেল জানান, এই ধরনের একটি আবেদন আগেই খারিজ হয়ে গিয়েছে।
এর আগে সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদনে অভিযোগ করা হয়েছিল, ই-২০ পেট্রোল ব্যবহারের ফলে গাড়ির ইঞ্জিনে প্রভাব পড়ছে এবং যানবাহনের মাইলেজও কমে যাচ্ছে। আবেদনে আরও বলা হয়েছিল, বিশ্বের অনেক দেশে ইথানল মিশ্রিত জ্বালানির পাশাপাশি ইথানলবিহীন জ্বালানির বিকল্পও পাওয়া যায়। কিন্তু ভারতে ইথানল মিশ্রিত পেট্রোলের ক্ষেত্রে না বিকল্প দেওয়া হচ্ছে, না পর্যাপ্ত তথ্য জানানো হচ্ছে।

