কলকাতা : আগুন-আতঙ্ক কলকাতা বিমানবন্দরে! মঙ্গলবার ভোর চারটে নাগাদ বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি ভবনের দ্বিতীয় তলার সম্প্রসারিত খোলা অংশে আগুন লেগে চাঞ্চল্য ছড়ায়। ভোর প্রায় ৪টা নাগাদ কর্মীরা প্রথমে ভবনের ওই অংশ থেকে আগুন ও ধোঁয়া বেরোতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিমানবন্দরের নিজস্ব দমকল বিভাগকে।
আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় দু’ঘণ্টা ধরে চলে আগুন নেভানোর কাজ। সকাল ৬টা নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করতে চলে তৎপরতা।
দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, স্বাধীনতা দিবস উপলক্ষে এটিসি ভবনে লাগানো আলোকসজ্জার টুনি লাইটের তারে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। আগুন মূলত ভবনের খোলা এলাকাতেই সীমাবদ্ধ ছিল। ফলে এটিসি এবং আবহাওয়া দফতরের কোনও গুরুত্বপূর্ণ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়নি।

