ঝাড়খণ্ডে গ্রেফতার মাওবাদী মিসির বেসরা, ১৪১টি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে

রাঁচি : ঝাড়খণ্ডে নিরাপত্তা বাহিনীর নকশালবিরোধী অভিযানে বিরাট সাফল্য। নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-এর সেন্ট্রাল কমিটির সদস্য মিসির বেসরাকে ঝাড়খণ্ড পুলিশ ও সিআরপিএফ-এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে। তাঁর সঙ্গে সংগঠনের আরও দুই সক্রিয় সদস্য এবং অন্য দু’জন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। বেসরার বিরুদ্ধে ঝাড়খণ্ডে ১৪১টি মামলা রয়েছে।

জানা গেছে, গিরিডি-ধানবাদ সীমান্ত এলাকায় নকশালবাদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছিল| সেসময় মিসির বেসরা তাঁর চার সঙ্গীকে নিয়ে একটি গাড়িতে করে পালানোর চেষ্টা করেন। যদিও নিরাপত্তা বাহিনী ধানবাদের বরওয়াআড্ডা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে।

ঝাড়খণ্ড পুলিশ ও সিআরপিএফ-এর যৌথ অভিযানে এই সাফল্য মিলেছে। তাঁদের গাড়ি থেকে তিনটি একে-৪৭ রাইফেলও উদ্ধার করা হয়েছে। বেসরার সঙ্গে রিজিওনাল কমিটির সদস্য তুম্বা মাঝি এবং এরিয়া কমিটির সদস্য বীরেন হাঁসদাকে গ্রেফতার করা হয়েছে| এ ছাড়াও মঙ্গল মুর্মু ও দীনেশ রায়কে হেফাজতে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা সংস্থাগুলি এই চারজনকে জিজ্ঞাসাবাদ করছে। ঝাড়খণ্ডের আইজি (অভিযান) নরেন্দ্র কুমার সিং বুধবার এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, মিসির বেসরা দীর্ঘদিন ধরে নিরাপত্তা বাহিনীর কাছে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা এবং ছত্তিশগড়ে সক্রিয় ছিলেন। তাঁর বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা, হত্যা, তোলাবাজি এবং বিস্ফোরণের মতো একাধিক গুরুতর ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =