ছাত্রদের পাশে বিরোধীরা, কালো পোশাকে সংসদ চত্বরে বিক্ষোভ

নয়াদিল্লি : নিট প্রশ্নফাঁস এবং আন্দোলনরত পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের প্রতিবাদে বুধবার সংসদ চত্বরে কালো পোশাক পরে বিক্ষোভ দেখালেন বিরোধী সাংসদরা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব-সহ বিভিন্ন বিরোধী দলের নেতারা এই প্রতিবাদে অংশ নেন। বিক্ষোভকারীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানান।

কংগ্রেস সাংসদ পবন খেরা বলেন, দেশের পড়ুয়াদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, ধর্মেন্দ্র প্রধানকে তাঁর পদে বহাল রাখার যে জেদ সরকার দেখাচ্ছে এবং ছাত্রদের আন্দোলনের প্রতি সরকারের যে প্রতিক্রিয়া— তার প্রতিবাদেই বিরোধী সাংসদরা কালো পোশাক পরেছেন। তিনি বলেন, ‘‘আমাদের প্রতিবাদের উদ্দেশ্য দেশের যুবসমাজের স্বার্থ রক্ষা করা। অন্যদিকে বিজেপির প্রতিবাদের উদ্দেশ্য ধর্মেন্দ্র প্রধানকে রক্ষা করা।’’

পবন খেরা আরও বলেন, ‘‘দেশের যুবকদের উদ্দেশে আমাদের বার্তা—হতাশ বা নিরাশ হবেন না। কংগ্রেস, রাহুল গান্ধী এবং তাঁর প্রতিটি কর্মী দেশের যুবসমাজের পাশে রয়েছে।’’

অন্যদিকে, সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব বলেন, ‘‘সরকার কেন নিজের মন্ত্রীকে সরাতে পারছে না, তা ভাবা দরকার। সরকারের উপর কী ধরনের চাপ রয়েছে? ওই মন্ত্রীর কাছে কি সরকারের এমন কোনও গোপন তথ্য রয়েছে, যার কারণে তাঁকে সরানো যাচ্ছে না? সরকার ভীত হয়ে কাজ করছে।’’

উল্লেখ্য, দিল্লিতে নিট ইস্যুতে আন্দোলনরত পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে বিরোধীরা গত কয়েক দিন ধরেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব। মঙ্গলবার প্রধানমন্ত্রী আবাসনের কাছে কংগ্রেসের বিক্ষোভের পর রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা-সহ একাধিক বিরোধী নেতাকে পুলিশ আটক করে। বুধবার সেই ঘটনার প্রতিবাদ এবং পড়ুয়াদের প্রতি সংহতি জানিয়ে সংসদ চত্বরে কালো পোশাক পরে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − six =