আগরতলা : রহস্যমৃত্যু ত্রিপুরার পুলিশ-প্রধান (ডিজিপি) আইপিএস অনুরাগ ধনকরের। ডিজিপির মৃত্যুকে কেন্দ্র্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট সব মহলে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে সন্দেহ করছে পুলিশ।
জানা গেছে, আজ সোমবার সকালে আগরতলায় রাজ্য পুলিশের সদর দফতরে তাঁর নিজের কার্যালয় কক্ষে ডিজিপি অনুরাগ ধনকরের ঝুলন্ত দেহ দেখেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। খবরটি সঙ্গে সঙ্গে চাউর হয়ে যায় পুলিশ মহলে।
খবর পেয়ে তড়িৎগতিতে ছুটে আসেন প্রশাসনিক ম্যাজিস্ট্রেট সহ পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা। ডিজিপির ঝুলন্ত দেহ উদ্ধার করে আগরতলায় অবস্থিত গোবিন্দবল্লভ পন্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
ইত্যবসরে শুরু হয় আইনি প্রক্রিয়া। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত তাঁর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে না।

