তারামণ্ডলের সামনে মমতাপন্থীদের ২১শে সমাবেশের অনুমতি আদালতের

কলকাতা : কালীঘাট তৃণমূলকে ২১ জুলাই কর্মসূচির জন্য স্থান নির্দিষ্ট করে দিল কলকাতা হাই কোর্ট। তবে বেঁধে দিয়েছে কয়েকটি শর্তও। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, অনধিক তিন হাজার লোক নিয়ে ওই কর্মসূচি পালন করা যাবে।

বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এক দিকের রাস্তা ব্যবহার করে কর্মসূচি করতে পারবে কালীঘাট তৃণমূল। অন্য দিকের রাস্তা দিয়ে গাড়ি চলাচল করবে।

আদালত জানিয়েছে, দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টে পর্যন্ত করা যাবে ওই কর্মসূচি।

২১ জুলাই নিয়ে কালীঘাটপন্থী তৃণমূলের দায়ের করা মামলার শুনানি হয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। ধর্মতলায় সভা করা যাবে না জানিয়ে রাজ্যের কাছে বিকল্প জায়গা জানতে চায় আদালত। আদি তৃণমূলও বিকল্প জায়গার প্রস্তাব দেয়। তার মধ্যে তারামণ্ডলও ছিল। তারপরই বিচারপতি তারামণ্ডলের সামনে সমাবেশ করার অনুমতি দেন।

তবে বেঁধে দেওয়া হয়েছে শর্ত। বিচারপতির নির্দেশ, একধারে মিটিং হবে। অন্য ধারে গাড়ি চলাচল করবে। দুপুর ১২টা থেকে সাড়ে ৩টে পর্যন্ত মিটিং করা যাবে। ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে হবে। আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয় তা দেখবে পুলিশ। ১৮ জুলাই ৪টের মধ্যে আয়োজকদের নাম ও মোবাইল নম্বর যুগ্ম সিপি-কে (সদর) জানাতে হবে বলে জানিয়েছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 11 =