‘মহামেডান: ৩ (জুয়েল, ফারদিন, ইসরাফিল)
রেনবো: ১ (জোজো)
নিজস্ব প্রতিবেদন: অবশেষে জয়ে ফিরল মহামেডান স্পোর্টিং ক্লাব। দীর্ঘদিন ধরে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল সাদা-কালো ব্রিগেড। আইএসএলে অবনমনের পর ক্লাবে নতুন কমিটি গঠন হয় সভাপতি হুমায়ুন কবির ও সচিব ওয়াসিম আক্রমের নেতৃত্বে। কোচ মেহরাজুদ্দিন ওয়াডুর নেতৃত্বেই কলকাতা লিগের প্রথম ম্যাচে জয় পেল মহামেডান। ইস্টবেঙ্গল, মোহনবাগানের পর মহামেডানও জয় দিয়ে লিগের অভিযান শুরু করল। প্রথমার্ধে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-১ গোলের ব্যবধানে রেনবোকে হারাল জুয়েল-ফারদিনরা।
মঙ্গলবার ঘরের মাঠেই নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল সাদা-কালো ব্রিগেড। এদিন মাঠে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। খেলা শুরুর আগে দুই দলের ফুটবলারদের সঙ্গে আলাপ পর্ব সারেন তিনি। এনবিপি রেনবো ম্যাচের শুরুর দিকে বেশ চাপে রেখেছিল মহামেডান স্পোর্টিংকে। জোজোর একমাত্র গোলে প্রথমার্ধে ১-০ এগিয়ে যায় রেনবো। প্রথমার্ধে পিছিয়ে থেকেই বিরতিতে যায় মহামেডান। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত লড়াই করে ম্যাচে ফিরে মেহরাজুদ্দিনের ছেলেরা। একের পর এক আক্রমণে চাপে ফেলে রেনবোর রক্ষণে। ৬৯ মিনিটে হেডে গোল করে মহামেডানকে সমতায় ফেরায় জুয়েল আহমেদ মজুমদার। এরপর আরও দুই গোল করেন ফারদিন এবং ইস্রাফিল। শেষ পর্যন্ত ৩-১ গোলে জিতল সাদা-কালো ব্রিগেড। এই জয়ের ফলে গ্রুপ বি-তে শীর্ষস্থানে চলে এল মহামেডান। ম্যাচ শেষে খুশির হাওয়া সাদা-কালো শিবিরে। সমর্থকরা ঘিরে ধরলেন জুয়েল-ইস্রাফিলদের। অধিনায়ক মহীতোষ রায় কেক কেটে গোটা দলের সঙ্গে জয় উদযাপন করলেন।

